নির্বাচন বানচালের ষড়যন্ত্রে হত্যা-হামলার অভিযোগ এনসিপির
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নির্বাচনকে বানচাল করা এবং গণঅভ্যুত্থানকে নস্যাৎ করার উদ্দেশ্যে গণঅভ্যুত্থানের নায়ক, নেতা ও অংশগ্রহণকারীদের টার্গেট করে হত্যা ও হামলা চালানো হচ্ছে।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নির্বাচনকে বানচাল করা এবং গণঅভ্যুত্থানকে নস্যাৎ করার উদ্দেশ্যে গণঅভ্যুত্থানের নায়ক, নেতা ও অংশগ্রহণকারীদের টার্গেট করে হত্যা ও হামলা চালানো হচ্ছে।
রোববার (১৪ ডিসেম্বর) সকালে রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বিজয়ের ঠিক প্রাক্কালে পরিকল্পিতভাবে লেখক, শিল্পী, সাংবাদিকসহ স্বাধীনতাকামী বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল, যাতে বাংলাদেশ একটি মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে দাঁড়াতে না পারে। গত ৫৪ বছরে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বারবার লড়াই ও আত্মত্যাগ করতে হয়েছে, যার সর্বশেষ উদাহরণ ২০২৪ সালের গণঅভ্যুত্থান।
তিনি আরও বলেন, বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক সংগ্রামে এক শ্রেণির বুদ্ধিজীবী জনগণের পক্ষে দাঁড়িয়েছেন, আবার আরেক শ্রেণি ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছেন। আওয়ামী লীগের শাসনামলেও দলীয় মতাদর্শ সমর্থনের নামে ফ্যাসিবাদের পক্ষে সম্মতি তৈরি করা হয়েছে। ৫ আগস্টের পরও বুদ্ধিজীবীর নাম ব্যবহার করে জুলাইয়ের বিপক্ষে এবং গণহত্যার পক্ষে জনমত তৈরির চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে।
নাহিদ ইসলাম বলেন, চিন্তার স্বাধীনতা ও সাংস্কৃতিক স্বাধীনতার সংগ্রাম ছাড়া রাজনৈতিক স্বাধীনতা পূর্ণতা পায় না। শহীদ বুদ্ধিজীবী দিবসে আমরা জাতির সেই সূর্যসন্তানদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এবং তাঁদের আকাঙ্ক্ষাকে ধারণ করে ১৯৪৭, ১৯৭১ ও ২০২৪-এর ঐতিহাসিক লড়াইয়ের চেতনাকে এগিয়ে নিতে চাই।
নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে জনমনে আতঙ্ক বাড়ছে—সরকারের ভূমিকা আশ্বস্ত করছে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের দুর্বলতা স্পষ্ট। মানুষের আস্থা এখনো পুরোপুরি ফেরেনি। গণঅভ্যুত্থানের নেতাদের টার্গেট করে হামলার প্রমাণ পাওয়া যাচ্ছে, যার মধ্যে ওসমান হাদির ওপর হামলার ঘটনা দেশবাসী প্রত্যক্ষ করেছে। অথচ এখনো হামলাকারীদের গ্রেপ্তার করা যায়নি।
তিনি দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে এই পরিকল্পনার সঙ্গে জড়িত প্রশাসন এবং সরকারের ভেতর-বাইরের সব নীলনকশাকারীকে চিহ্নিত করার আহ্বান জানান। ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন নাহিদ ইসলাম। এ সময় এনসিপির অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
এমবি এইচআর

