স্বাধীনতা ও সার্বভৌমত্বে আপসহীন থাকার ঘোষণা ডাকসু ভিপির

শহিদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, বুদ্ধিজীবীরাই সব সময় জাতিকে পথ দেখিয়েছেন।

Dec 14, 2025 - 16:01
 0  2
স্বাধীনতা ও সার্বভৌমত্বে আপসহীন থাকার ঘোষণা ডাকসু ভিপির
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

শহিদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, বুদ্ধিজীবীরাই সব সময় জাতিকে পথ দেখিয়েছেন। শহিদরা জাতির শ্রেষ্ঠ সন্তান, তাঁদের স্বপ্ন ছিল—বুদ্ধিজীবীরাই জাতিকে স্বপ্ন দেখাবেন। তবে দুঃখজনকভাবে কিছু বুদ্ধিজীবী ফ্যাসিবাদের পারপাস সার্ভ করেছেন বলে অভিযোগ করেন তিনি।

রোববার (১৪ ডিসেম্বর) শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সাদিক কায়েম। তিনি বলেন, তিনি ছাত্র শিবিরের দায়িত্বে রয়েছেন এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রশ্নে তাঁরা সবসময় আপসহীন।

সাদিক কায়েম বলেন, “বাংলাদেশে থাকতে হলে বাংলাদেশপন্থি হয়েই থাকতে হবে। দিল্লির দাসত্ব থেকে বেরিয়ে এসে বাংলাদেশপন্থি রাজনীতি করতে হবে।”
মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ একটি স্বাধীন ভূখণ্ড অর্জন করেছে উল্লেখ করে তিনি আরও বলেন, “২৪-এর মাধ্যমে আমরা দিল্লির আজাদী থেকে মুক্তি পেয়েছি।”

উল্লেখ্য, শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মিরপুর শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টার নেতৃত্বে শহিদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যরা এবং যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধারা মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ও রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। পরে সর্বস্তরের মানুষের জন্য স্থান দুটি উন্মুক্ত করে দেওয়া হয়।

এমবি এইচআর