শকুনেরা স্বাধীনতা–সার্বভৌমত্বকে খামচে ধরার চেষ্টা করছে : সারজিস

শকুনেরা আবারও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে খামচে ধরার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

Dec 15, 2025 - 18:16
 0  3
শকুনেরা স্বাধীনতা–সার্বভৌমত্বকে খামচে ধরার চেষ্টা করছে : সারজিস
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

শকুনেরা আবারও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে খামচে ধরার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

সোমবার (১৫ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, ‘৫৪ বছরেও শকুনদের হাত থেকে আমাদের মুক্ত হতে দিতে চায় না। জুলাইয়ে আমরা রক্ত দিয়ে, জীবন দিয়ে স্বাধীনতা পুনরুদ্ধারের চেষ্টা করেছি। এখন আবারও শকুনেরা আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে খামচে ধরার চেষ্টা করছে।’

তিনি আরও বলেন, ‘আবু সাইদের বুকে গুলি চালিয়ে আমাদের দমানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু তারা সফল হয়নি। ঠিক তেমনিভাবে হাদির ওপর হামলা করে আমাদের স্পিরিট ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তবে এ দেশের লাখো হাদি বেঁচে থাকতে তা হতে দেওয়া হবে না।’

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আয়োজিত এ সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

এদিকে, ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় রাজধানীর পল্টন থানায় একটি মামলা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত সন্দেহভাজন বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন গুলির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক, বর্ডার দিয়ে মানুষ পাচারকারী চক্রের দুই সদস্য এবং মূল অভিযুক্ত ফয়সালের স্ত্রী, শ্যালক ও আরও এক নারী।

উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে মোটরসাইকেলে আসা দুই আততায়ী চলন্ত রিকশায় থাকা ওসমান হাদির মাথায় গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পাঠানো হয়।

এমবি এইচআর