প্রার্থী নিরাপত্তা চেয়ে নির্বাচন কমিশনে আবেদন সিগমা ও ফুয়াদ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের (ইসি) কাছে নিরাপত্তা চেয়েছেন কিশোরগঞ্জ-৪ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমা এবং আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ও বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনের সম্ভাব্য প্রার্থী আসাদুজ্জামান ফুয়াদ।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের (ইসি) কাছে নিরাপত্তা চেয়েছেন কিশোরগঞ্জ-৪ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমা এবং আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ও বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনের সম্ভাব্য প্রার্থী আসাদুজ্জামান ফুয়াদ।
বুধবার (১৭ ডিসেম্বর) তারা নির্বাচন ভবনে গিয়ে পৃথকভাবে নির্বাচন কমিশনের কাছে এ সংক্রান্ত লিখিত আবেদন করেন।
কাজী রেহা কবির সিগমা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন, নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ ও মো. আনোয়ারুল ইসলাম সরকারের সঙ্গে সাক্ষাৎ করে আবেদন জমা দেন। আবেদনে তিনি কিশোরগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার প্রত্যয় ব্যক্ত করে জানান, তিনি নির্বাচনী এলাকায় গণসংযোগ শুরু করেছেন এবং ইতোমধ্যে ব্যাপক জনসমর্থন পেয়েছেন।
তিনি অভিযোগ করেন, আইনানুগ গণসংযোগ কার্যক্রমে ভীতি সৃষ্টি ও বাধা দেওয়ার উদ্দেশ্যে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার পুলিশ ন্যক্কারজনকভাবে তৎপরতা চালাচ্ছে। এর অংশ হিসেবে ১৬ ডিসেম্বর দিবাগত রাত আনুমানিক ১টার দিকে তার এক নিরপরাধ কর্মীকে গ্রেপ্তার করে ভুয়া মামলায় কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার হওয়া মো. কিয়ামত আলী (৫০) একজন নিরীহ ও জনপ্রিয় ব্যক্তি দাবি করে সিগমা বলেন, তার বিরুদ্ধে আগে কোনো মামলা বা অভিযোগ ছিল না। ২০২৪ সালের ৯ নভেম্বর দায়ের করা একটি মামলায় তাকে আসামি করা হয়েছে, যেখানে তিনি এজাহারভুক্ত নন। এতে কর্মী-সমর্থকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং নির্বাচনী কার্যক্রম ব্যাহত হচ্ছে।
তিনি বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সুষ্ঠু ও প্রশ্নাতীত নির্বাচন নিশ্চিত করতে সিইসির হস্তক্ষেপ কামনা করেন।
এদিকে, আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এবং ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাৎ করে প্রার্থী নিরাপত্তা নিয়ে নিজের উদ্বেগের কথা জানান।
এ বিষয়ে জানতে চাইলে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ‘ব্যারিস্টার ফুয়াদ এসেছিলেন। তার অভিযোগ হচ্ছে, পুলিশ তাকে প্রয়োজনীয় সহযোগিতা করছে না। আমরা সার্বিকভাবে সব প্রার্থীর নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রাখছি।’
তিনি বলেন, সব প্রার্থী বিজয়ী হতে পারবেন না, জনগণ যাকে বেশি ভোট দেবেন তিনিই নির্বাচিত হবেন। একই সঙ্গে সব প্রার্থী ও তাদের সমর্থকদের আচরণবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।
এমবি এইচআর

