সারাদেশে মব সন্ত্রাসের প্রতিবাদে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ

ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দীপ চন্দ্র দাস ও লক্ষ্মীপুরে শিশু আয়শা আক্তার হত্যাকাণ্ডসহ দেশব্যাপী সংঘটিত সব হত্যার বিচার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদল বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে।

Dec 21, 2025 - 16:49
 0  3
সারাদেশে মব সন্ত্রাসের প্রতিবাদে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দীপ চন্দ্র দাস ও লক্ষ্মীপুরে শিশু আয়শা আক্তার হত্যাকাণ্ডসহ দেশব্যাপী সংঘটিত সব হত্যার বিচার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদল বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে। একই সঙ্গে সারা দেশে চলমান মব সন্ত্রাসের বিরুদ্ধেও তীব্র প্রতিবাদ জানায় সংগঠনটি।

রোববার (২১ ডিসেম্বর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা ‘সম্প্রীতির বাংলাদেশ, আমাদের অঙ্গীকার’, ‘মবেক্রেসির ঠিকানা, এই বাংলায় হবে না’ এবং ‘ডেমোক্রেসি, ডেমোক্রেসি’সহ বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে বক্তারা নিহতদের হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে দেশে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এসব ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।

বিক্ষোভ সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ৫ আগস্ট-পরবর্তী বাস্তবতায় একটি নির্দিষ্ট গোষ্ঠী ধর্মকে ব্যবহার করে মব সন্ত্রাসে নিয়মিত ইন্ধন দিচ্ছে। তিনি অভিযোগ করে বলেন, দেশের বাইরে বসে অনলাইনে যারা ঘৃণা ছড়াচ্ছেন, ছাত্রদল তাদের প্রতিহত করবে।

তিনি আরও বলেন, ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিভক্তি সৃষ্টি করা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর। ছাত্রদলও যদি অরাজকতার পথে যেত, তাহলে ক্যাম্পাসে স্বাভাবিক পরিবেশ বজায় রাখা সম্ভব হতো না।

শহীদ ওসমান হাদির কবর নিয়ে ছাত্রদলের বিরুদ্ধে ছড়ানো গুজবের নিন্দা জানিয়ে রাকিব বলেন, এসব গুজব ছড়ানোর সঙ্গে জড়িতদের অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে। পাশাপাশি হাদির হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় নেওয়ার দাবি জানান তিনি।

ঢাবি ছাত্রদলের সভাপতি গনেশ চন্দ্র রায় সাহস বলেন, সারা দেশে মব সংস্কৃতির নামে যে অরাজকতা চলছে, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের সঞ্চালনায় সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।

এমবি এইচআর