বিএনপিতে ‘বাংলাদেশ জাতীয় বাস্তুহারা দল’ নামে নতুন হকারি সংগঠন; ক্ষোভ ও বিতর্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নাম ব্যবহার করে ‘বাংলাদেশ জাতীয় বাস্তুহারা দল’ নামে একটি নতুন সংগঠনের আবির্ভাব ঘিরে দলটির তৃণমূল ও অভিজ্ঞ নেতাকর্মীদের মধ্যে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে।

Dec 22, 2025 - 11:55
 0  3
বিএনপিতে ‘বাংলাদেশ জাতীয় বাস্তুহারা দল’ নামে নতুন হকারি সংগঠন; ক্ষোভ ও বিতর্ক
ছবি সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নাম ব্যবহার করে ‘বাংলাদেশ জাতীয় বাস্তুহারা দল’ নামে একটি নতুন সংগঠনের আবির্ভাব ঘিরে দলটির তৃণমূল ও অভিজ্ঞ নেতাকর্মীদের মধ্যে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। সংগঠনটিকে বিএনপির ভেতরে নতুন ধরনের “দোকানদারি” বা “হকারি” প্ল্যাটফর্ম হিসেবে আখ্যা দিচ্ছেন অনেক নেতাকর্মী, যা দলের ভাবমূর্তি ও সাংগঠনিক শৃঙ্খলার জন্য ক্ষতিকর বলে তারা মনে করছেন।

রাজধানীসহ বিভিন্ন এলাকায় টানানো পোস্টারে দেখা যায়, তথাকথিত এই সংগঠনটি বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় প্রচারণা চালাচ্ছে। পোস্টারে খালেদা জিয়ার ছবি ছাড়াও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের শীর্ষ নেতাদের ছবি ব্যবহার করা হয়েছে।

পোস্টারে নিজস্ব কেন্দ্রীয় কমিটি, একাধিক পদধারী নেতা এবং ‘প্রচারক’ হিসেবে নাম উল্লেখ থাকলেও বিএনপির কেন্দ্রীয় দপ্তর বা সাংগঠনিক কোনো শাখা থেকে এ ধরনের সংগঠনের অনুমোদনের বিষয়ে কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি বা ঘোষণা পাওয়া যায়নি।

বিএনপির একাধিক দায়িত্বশীল নেতাকর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন,
“দলের দুর্দিনকে পুঁজি করে কিছু ব্যক্তি বিএনপির নাম ব্যবহার করে ব্যক্তিগত পরিচিতি, প্রভাব ও সুযোগ আদায়ের চেষ্টা করছে। এগুলো মূলত হকারি সংগঠন—আজ বাস্তুহারা, কাল অন্য কোনো নাম। এতে দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়।”

তারা আরও বলেন, অতীতেও বিভিন্ন সময় বিএনপির নাম ব্যবহার করে এ ধরনের অঘোষিত সংগঠন আত্মপ্রকাশ করেছে, যাদের অনেকের উদ্দেশ্য রাজনৈতিক আন্দোলনের চেয়ে ব্যক্তিগত লাভ ও দর কষাকষি।

রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করছেন, বর্তমান রাজনৈতিক অস্থিরতা ও বিএনপির ওপর দমন-পীড়নের সুযোগে কিছু সুবিধাভোগী গোষ্ঠী দলীয় আবেগকে ব্যবহার করে নিজেদের অস্তিত্ব জাহির করার চেষ্টা করছে। এতে দলের মূল আদর্শ, শৃঙ্খলা ও দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীরা প্রশ্নের মুখে পড়ছেন।

এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় দপ্তরের এক কর্মকর্তা বলেন,
“বিএনপির নাম ব্যবহার করে কেউ যদি সংগঠন গড়ে তোলে, সেটি দলীয় নীতিমালার পরিপন্থী। অনুমোদনহীন কোনো সংগঠনের দায় দল নেবে না।”

দলের ভেতর থেকে দ্রুত এ ধরনের তথাকথিত হকারি সংগঠনের বিষয়ে স্পষ্ট অবস্থান ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। নেতাকর্মীদের আশঙ্কা, এখনই লাগাম না টানলে ভবিষ্যতে এসব সংগঠন দলের জন্য বড় বোঝা হয়ে দাঁড়াতে পারে।

এমবি এইচআর