ঢাকা-১৭ আসনে ভোটার তালিকায় নাম লেখাচ্ছেন তারেক রহমান
ঢাকা-১৭ আসনের গুলশান এলাকার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হওয়ার জন্য অনলাইনে আবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
ঢাকা-১৭ আসনের গুলশান এলাকার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হওয়ার জন্য অনলাইনে আবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই ওয়ার্ডে ভোটার হতে আবেদন করেছেন তারেক রহমানের কন্যা জাইমা রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) এনআইডি মহাপরিচালক এএসএম হুমায়ুর কবীর সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘আমরা যতটুকু জেনেছি, উনি অনলাইনে ফরম পূরণ করেছেন। এখন আমাদের কার্যালয়ে এসে আঙ্গুলের ছাপ ও চোখের আইরিশ দিয়ে নিবন্ধন সম্পন্ন করবেন। এরপর সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে সার্ভারে তার তথ্য সার্চ করে দেখবে সেটি অন্য কারও সঙ্গে মেলে কি না। যদি ম্যাচ না করে, তাহলে ৫ থেকে ২৪ ঘণ্টার মধ্যেই এনআইডি নম্বর জেনারেট হবে। এটি আমাদের কারও হাতে নেই।’
এএসএম হুমায়ুর কবীর আরও জানান, ‘এ ক্ষেত্রে আমাদের কাছ থেকেও এনআইডি বা স্মার্টকার্ড সংগ্রহ করা যাবে। আবার মোবাইলে পাঠানো মেসেজের মাধ্যমেও তা ডাউনলোড করে নেওয়ার সুযোগ থাকবে।’
এদিকে, শনিবার সকালে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত শেষে নির্বাচন কমিশনের উদ্দেশে রওনা হন তারেক রহমান। তার গাড়িবহর সকাল ১১টা ৪০ মিনিটে জাতীয় কবির সমাধিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করে।
নির্বাচন কমিশনে গিয়ে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার পাশাপাশি নিজের সব বায়োমেট্রিক তথ্য প্রদান করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এমবি এইচআর

