দল থেকে নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাসনিম জারা
এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা দলীয় মনোনয়ন নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা দলীয় মনোনয়ন নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-৯ আসন (খিলগাঁও, সবুজবাগ ও মুগদা) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
পোস্টে তাসনিম জারা বলেন, তিনি খিলগাঁওয়েরই সন্তান—সেখানেই তাঁর জন্ম ও বেড়ে ওঠা। একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে এলাকার মানুষের সেবা করার স্বপ্ন থাকলেও বাস্তবিক প্রেক্ষাপটের কারণে তিনি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়া এবং জনগণের জন্য লড়াই করার অঙ্গীকারে তিনি অটল রয়েছেন।
তিনি বলেন, দলীয় প্রার্থী হলে স্থানীয় অফিস, সংগঠিত কর্মীবাহিনী এবং প্রশাসনের সঙ্গে যোগাযোগের সুবিধা থাকে। কিন্তু স্বতন্ত্র প্রার্থী হওয়ায় এসব সুবিধা তাঁর থাকবে না। এ অবস্থায় তাঁর একমাত্র ভরসা এলাকার জনগণ। সততা, নিষ্ঠা ও নতুন রাজনীতির প্রত্যয়ে জনগণের সমর্থন পেলেই তাঁদের সেবা করার সুযোগ পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ডা. তাসনিম জারা আরও জানান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে আইনি বাধ্যবাধকতা অনুযায়ী ঢাকা-৯ আসনের ৪ হাজার ৬৯৩ জন ভোটারের সমর্থনসূচক স্বাক্ষর নির্দিষ্ট ফরমে সংগ্রহ করতে হবে। আগামীকাল থেকেই এই স্বাক্ষর সংগ্রহ কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি।
এ ছাড়া সম্প্রতি নির্বাচনী তহবিল সংগ্রহের সময় যারা অর্থ অনুদান দিয়েছেন, তাদের মধ্যে কেউ চাইলে অর্থ ফেরত নেওয়ার সুযোগ থাকবে বলেও তিনি উল্লেখ করেন। বিকাশের মাধ্যমে পাঠানো অর্থ নির্ধারিত ফরম পূরণ ও যাচাই শেষে ফেরত দেওয়া হবে এবং ব্যাংকের মাধ্যমে দেওয়া অনুদানের ক্ষেত্রেও শিগগিরই প্রক্রিয়া জানানো হবে বলে তিনি জানান।
এমবি এইচআর

