ঢাকা-১৮ থেকে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা রনির
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনি। শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ

ভিডিও বার্তায় মহিউদ্দিন রনি বলেন, ‘ভারতীয় আধিপত্যবাদ ও ভিনদেশি সব আগ্রাসনমুক্ত একটি ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে আমি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসন থেকে স্বতন্ত্র এমপি প্রার্থী হিসেবে কাজ করতে চাই।’
তিনি জানান, নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে একটি সমর্থক তালিকা জমা দিতে হবে। সে অনুযায়ী ২৯ তারিখের মধ্যে তাকে সমর্থনপত্র দাখিল করতে হবে।
রনি আরও বলেন, ‘ঢাকা-১৮ আসনের এয়ারপোর্ট, উত্তরা, খিলক্ষেত, আশকোনা, উত্তরখান, দক্ষিণখান ও তুরাগ এলাকা থেকে আমার ২০০ জন শুভাকাঙ্ক্ষী ভাই-বন্ধু প্রয়োজন, যারা ঢাকা-১৮ আসনের ভোটারদের কাছ থেকে সমর্থন সংগ্রহ করে আনবেন।’
স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে তিনি সংশ্লিষ্ট এলাকার ভোটার ও সমর্থকদের সহযোগিতা কামনা করেন।
এমবি এইচআর