জামায়াতের সঙ্গে সমঝোতায় এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে: সামান্তা শারমিন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে রাজনৈতিক সমঝোতায় গেলে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) কঠিন মূল্য চুকাতে হবে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।

Dec 28, 2025 - 11:02
 0  2
জামায়াতের সঙ্গে সমঝোতায় এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে: সামান্তা শারমিন
ছবি সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে রাজনৈতিক সমঝোতায় গেলে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) কঠিন মূল্য চুকাতে হবে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। রোববার (২৮ ডিসেম্বর) সকালে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

সামান্তা শারমিন বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্ভরযোগ্য কোনো মিত্র নয়। তাদের রাজনৈতিক অবস্থান ও দর্শনের সঙ্গে সহযোগিতা বা সমঝোতায় যাওয়া এনসিপির জন্য মারাত্মক রাজনৈতিক মূল্য ডেকে আনবে বলে আমি মনে করি।’

তিনি বলেন, সম্প্রতি রাজনৈতিক জোট প্রসঙ্গে জামায়াতে ইসলামীর দায়িত্বশীল নেতারা মন্তব্য করেছেন—জুলাইয়ের স্পিরিট ও বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একমত হলে যে কোনো দল জামায়াতের সঙ্গে জোটে আসতে পারে।

এনসিপির এই নেতা আরও বলেন, ‘জাতীয় নাগরিক পার্টির এত দিনের অবস্থান অনুযায়ী আমাদের মূলনীতি, রাষ্ট্রকল্প ও রাজনৈতিক দর্শন জামায়াতের সঙ্গে সম্পূর্ণ ভিন্ন। বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচন তথা সেকেন্ড রিপাবলিকের দাবিকে কেন্দ্র করেই এনসিপির জন্ম। ফলে এই তিনটি বিষয়ে অভিন্ন অবস্থান যেকোনো রাজনৈতিক মিত্রতার পূর্বশর্ত।’

তিনি উল্লেখ করেন, ‘আমার বর্তমান অবস্থান পার্টির গত দেড় বছরের ঘোষিত অবস্থানের সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ। নিম্নকক্ষে পিআর পদ্ধতির আওয়াজ তুলে সংস্কার প্রক্রিয়াকে ব্যাহত করার অভিযোগে জামায়াতের ভূমিকার সমালোচনা করে এনসিপির আহ্বায়ক আগেই বলেছিলেন—যারা সংস্কারের পক্ষে নয়, তাদের সঙ্গে জোটও সম্ভব নয়।’

সামান্তা শারমিন বলেন, জুলাই পদযাত্রার পর থেকে এনসিপির পক্ষ থেকে ৩০০ আসনে একক প্রার্থী দেওয়ার ঘোষণা দেওয়া হয় এবং স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে সারা দেশ থেকে প্রার্থীদের আহ্বান জানানো হয়।

সবশেষে তিনি বলেন, ‘জামায়াতের সঙ্গে জোটের সমস্যাসমূহ তুলে ধরা মানেই বিএনপির পক্ষে অবস্থান নেওয়া নয়। বরং বিভিন্ন ইস্যুতে এতদিন ধরে প্রকাশিত ও নানান মহলে প্রশংসিত এনসিপির রাজনৈতিক অবস্থানকেই আমি সঠিক মনে করি এবং নিজেকে সেই আদর্শের সৈনিক হিসেবে দেখি। বিএনপি বা জামায়াত—যেকোনোটির সঙ্গে জোট এনসিপির সাংগঠনিক ও রাজনৈতিক নীতিমালা থেকে বিচ্যুত হওয়ার শামিল।’

এমবি এইচআর