নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম নির্বাচনে অংশ নিচ্ছেন না। তাঁর নামে মনোনয়ন ফরম সংগ্রহ করা হলেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে স্পষ্টভাবে জানানো হয়েছে।

Dec 29, 2025 - 15:09
 0  2
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম নির্বাচনে অংশ নিচ্ছেন না। তাঁর নামে মনোনয়ন ফরম সংগ্রহ করা হলেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে স্পষ্টভাবে জানানো হয়েছে।

রোববার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন তাঁর ভাই ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম। তিনি বলেন, মাহফুজ আলমের অনুমতি ছাড়াই আবেগপ্রবণ হয়ে কেউ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন, যা তাঁকে বিব্রতকর অবস্থায় ফেলেছে। ফলে ওই মনোনয়ন ফরম জমা দেওয়া হবে না এবং মাহফুজ আলম এবারের নির্বাচনেও অংশ নেবেন না।

মাহবুব আলম জানান, মাহফুজ আলমের সম্মতি ছাড়া মনোনয়ন ফরম সংগ্রহের ঘটনায় একটি বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হয়। তিনি আরও জানান, ইসলামী সমমনা জোট থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী হিসেবে লক্ষ্মীপুর-১ আসনে তিনি নিজেই নির্বাচন করবেন।

দলীয় ও পারিবারিক সূত্র জানায়, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন শেষে মাহফুজ আলম আপাতত কোনো নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেননি। জেলা নির্বাচন কার্যালয় থেকে তাঁর নামে ফরম নেওয়া হলেও সেটি ছিল শুভাকাঙ্ক্ষীদের অতিউৎসাহের বহিঃপ্রকাশ।

জেলা নির্বাচন কার্যালয়ের তথ্যমতে, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনটি এবারের নির্বাচনে বেশ গুরুত্ব পাচ্ছে। এ আসন থেকে মাহফুজ ও মাহবুব আলম ছাড়াও মোট ১৪ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

প্রতিদ্বন্দ্বীদের মধ্যে রয়েছেন সম্প্রতি বিএনপিতে যোগ দেওয়া শাহাদাত হোসেন সেলিম, ইসলামী আন্দোলনের জাকির হোসেন পাটওয়ারী, জামায়াতে ইসলামীর মোহাম্মদ নাজমুল হাসান এবং জাতীয় পার্টির মাহমুদুর রহমান মাহমুদ। এ ছাড়া বাসদ, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ খেলাফত মজলিসসহ একাধিক দল ও স্বতন্ত্র প্রার্থী এই আসনে নির্বাচনী প্রস্তুতি নিচ্ছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মাহফুজ আলমের নির্বাচনে না আসার সিদ্ধান্তে এনসিপির হয়ে মাহবুব আলমের প্রার্থিতা আরও স্পষ্ট হলো। তবে বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনের মতো শক্তিশালী প্রতিদ্বন্দ্বী থাকায় এই আসনে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত চূড়ান্ত চিত্র স্পষ্ট হবে।

এমবি এইচআর