১৭ বছর পর কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা
দীর্ঘ ১৭ বছর পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠেন নেতাকর্মীরা। এ সময় উজ্জীবিত নেতাকর্মীদের উদ্দেশে নতুন করে দেশ গঠনের আহ্বান জানান তিনি।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
দীর্ঘ ১৭ বছর পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠেন নেতাকর্মীরা। এ সময় উজ্জীবিত নেতাকর্মীদের উদ্দেশে নতুন করে দেশ গঠনের আহ্বান জানান তিনি।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪টা ৬ মিনিটে নয়া পল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছান তারেক রহমান। দীর্ঘ সময় পর চিরচেনা দলীয় কার্যালয়ে বসেন তিনি।
কার্যালয়ে পৌঁছালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ও কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত ফুল দিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অভ্যর্থনা জানান। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল, দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
নেতাকর্মীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যে তারেক রহমান বলেন, “আজ এখানে কোনো অনুষ্ঠান নেই। রাস্তা বন্ধ রাখলে সাধারণ মানুষের চলাচলে সমস্যা হবে। তাই আমরা চেষ্টা করবো যত দ্রুত সম্ভব রাস্তাটি খুলে দেওয়ার, যেন সাধারণ মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন।”
তিনি আরও বলেন, “ইনশাআল্লাহ, আপনাদের সঙ্গে যখন কর্মসূচি হবে, তখন আমি বক্তব্য রাখবো। সবাই দোয়া করবেন। আমিও দোয়া করি—আপনারা সবাই সুস্থ ও ভালো থাকুন। আমাদের যার যতটুকু অবস্থান আছে, সেখান থেকে আসুন আমরা সবাই মিলে দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি।”
এমবি এইচআর

