ভারতের সঙ্গে বৈঠক নিয়ে অবস্থান স্পষ্ট করলেন জামায়াত আমির

ভারতের কূটনীতিকদের সঙ্গে বৈঠক নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন।

Jan 1, 2026 - 11:03
 0  2
ভারতের সঙ্গে বৈঠক নিয়ে অবস্থান স্পষ্ট করলেন জামায়াত আমির
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

ভারতের কূটনীতিকদের সঙ্গে বৈঠক নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন।

ডা. শফিকুর রহমান জানান, আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তাকে ভারতের সঙ্গে যোগাযোগ বা বৈঠক প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল। এর জবাবে তিনি বলেন, গত বছরের মাঝামাঝি সময়ে অসুস্থতা থেকে সুস্থ হয়ে বাসায় ফেরার পর দেশ-বিদেশের বিভিন্ন কূটনৈতিক ও বিশিষ্ট ব্যক্তি তার সঙ্গে সাক্ষাৎ করেন। সেই সময় অন্যান্য দেশের কূটনীতিকদের পাশাপাশি ভারতের দুজন কূটনীতিকও সৌজন্য সাক্ষাতে আসেন।

তিনি আরও জানান, অন্যান্য কূটনীতিকদের মতো ভারতীয় কূটনীতিকদের আগমনের বিষয়েও প্রকাশ্যে জানানো যেতে চাইলেও তারা তখন তা প্রকাশ না করার অনুরোধ করেছিলেন। জামায়াত আমিরের ভাষ্য অনুযায়ী, তিনি স্পষ্টভাবে জানিয়েছিলেন—পরবর্তীতে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট কোনো বৈঠক হলে তা অবশ্যই প্রকাশ্যে জানানো হবে এবং সেখানে গোপনীয়তার কোনো সুযোগ নেই।

এ বিষয়ে কিছু দেশীয় গণমাধ্যমে ‘গোপন বৈঠক’ শিরোনামে প্রকাশিত সংবাদের সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, এ ধরনের সংবাদ বিভ্রান্তিকর। তিনি এসব সংবাদের নিন্দা জানান এবং ভবিষ্যতে প্রকৃত তথ্য যাচাই না করে এমন খবর প্রকাশ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

এমবি এইচআর