সংসদ নির্বাচনে হলফনামায় তথ্য: সবচেয়ে গরিব প্রার্থী আমজনতার তারেক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১২ আসনে আমজনতার দলের সদস্যসচিব তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

Jan 5, 2026 - 12:49
 0  2
সংসদ নির্বাচনে হলফনামায় তথ্য: সবচেয়ে গরিব প্রার্থী আমজনতার তারেক
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১২ আসনে আমজনতার দলের সদস্যসচিব তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনে অংশগ্রহণের জন্য দাখিল করা হলফনামার তথ্য অনুযায়ী, এই প্রার্থী বর্তমানে প্রতিদ্বন্দ্বীদের মধ্যে সবচেয়ে কম সম্পদের মালিক।

হলফনামা অনুযায়ী, তারেক রহমানের নিজের নামে কোনো বাড়ি, গাড়ি কিংবা স্থাবর সম্পত্তি নেই। উত্তরাধিকার সূত্রেও তিনি কোনো সম্পদের মালিক নন। তার নামে রাজউকের কোনো প্লট বা ফ্ল্যাট নেই। নগদ অর্থ, স্বর্ণালংকার কিংবা ইলেকট্রনিক পণ্য ও আসবাবপত্রের কোনো তথ্যও হলফনামায় উল্লেখ করা হয়নি। নিজের বা স্ত্রীর নামেও এক ভরি স্বর্ণ নেই।

এ ছাড়া তারেক রহমানের শেয়ারবাজারে কোনো বিনিয়োগ নেই, নেই কোনো বিমা পলিসিও। তার নামে কোনো কৃষি বা অকৃষি জমির তথ্য পাওয়া যায়নি। ব্যাংক হিসাবে ডাচ্-বাংলা ব্যাংকে তার নামে জমা রয়েছে মাত্র ৮ হাজার ৮৫৫ টাকা। কোনো ব্যাংক ঋণ বা আর্থিক দায়ও নেই বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে।

পেশায় নিজেকে ব্যবসায়ী হিসেবে উল্লেখ করলেও তারেক রহমানের বার্ষিক আয় মাত্র সাড়ে ৪ লাখ টাকা। হলফনামা অনুযায়ী তার মোট সম্পদের পরিমাণ ১০ লাখ ৫৯ হাজার ১৪৩ টাকা। ২০২৫-২৬ অর্থবছরের আয়কর রিটার্ন অনুযায়ী তিনি গত বছর মাত্র ৫ হাজার টাকা আয়কর প্রদান করেছেন।

নির্বাচন কমিশনে দাখিল করা এসব তথ্যের ভিত্তিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে আমজনতার দলের সদস্যসচিব তারেক রহমানকে সবচেয়ে গরিব প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এমবি এইচআর