১৯ বছর পর বগুড়ায় ফিরছেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৯ বছর পর আগামী রোববার (১১ জানুয়ারি) বগুড়া সফরে যাচ্ছেন। ঢাকার বাইরে এটিই তার প্রথম সফর। রোববার (৪ জানুয়ারি) রাতে বগুড়া জেলা বিএনপির নেতৃবৃন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।

Jan 5, 2026 - 13:14
 0  3
১৯ বছর পর বগুড়ায় ফিরছেন তারেক রহমান
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৯ বছর পর আগামী রোববার (১১ জানুয়ারি) বগুড়া সফরে যাচ্ছেন। ঢাকার বাইরে এটিই তার প্রথম সফর। রোববার (৪ জানুয়ারি) রাতে বগুড়া জেলা বিএনপির নেতৃবৃন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।

বগুড়া জেলা বিএনপির সূত্র জানায়, ১১ জানুয়ারি সন্ধ্যার দিকে তারেক রহমান বগুড়ায় পৌঁছাবেন এবং রাতে একটি হোটেলে অবস্থান করবেন। পরদিন ১২ জানুয়ারি সকাল ১০টায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জেলা বিএনপি আয়োজিত গণদোয়ায় অংশ নেবেন।

গণদোয়া শেষে তারেক রহমান শহরের সাতমাথা, তিনমাথা ও মাটিডালি হয়ে মহাস্থানে হযরত শাহ সুলতান বলখী মাহী সাওয়ার (রহ.)–এর মাজারে জিয়ারত করবেন। এরপর তিনি রংপুরের উদ্দেশে রওনা দেবেন। রংপুরে তিনি জুলাই শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন।

বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল জানান, দীর্ঘদিন পর নেতার আগমনকে কেন্দ্র করে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। তবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান বগুড়া-৬ (সদর) আসনের প্রার্থী হওয়ায় গণসংবর্ধনাসহ বড় ধরনের কোনো কর্মসূচি রাখা হয়নি, যাতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত না হয়।

এদিকে, শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল ওহাব জানান, ১২ জানুয়ারি রংপুরে যাওয়ার পথে তারেক রহমান মহাস্থানে হযরত শাহ সুলতান মাহমুদ বলখী মাহী সাওয়ার (রহ.)–এর মাজার শরিফ জিয়ারত করবেন। এ সময় বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মীর শাহে আলমের নেতৃত্বে তাকে স্বাগত জানানো হবে।

বগুড়া জেলা বিএনপির তথ্য অনুযায়ী, সর্বশেষ ২০০৬ সালের ২৪ ডিসেম্বর বগুড়া সফর করেছিলেন তারেক রহমান। দীর্ঘ ১৯ বছর ১৮ দিন পর আগামী ১১ জানুয়ারি তিনি আবার বগুড়ার মাটিতে পা রাখবেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান বগুড়া-৬ (সদর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতোমধ্যে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান তার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করেছেন।

এমবি এইচআর