বিএনপির প্রতি প্রশাসনের পক্ষপাতের অভিযোগ এনসিপি নেতার

দেশের প্রশাসন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের দিকে হেলে পড়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। তার অভিযোগের তীর বিএনপির দিকে।

Jan 5, 2026 - 14:12
 0  2
বিএনপির প্রতি প্রশাসনের পক্ষপাতের অভিযোগ এনসিপি নেতার
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

দেশের প্রশাসন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের দিকে হেলে পড়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। তার অভিযোগের তীর বিএনপির দিকে।

সোমবার (৫ জানুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ‘আজাদী পদযাত্রা’র আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব অভিযোগ করেন। এ সময় তিনি পুরো বাংলাদেশকে ‘আজাদ অঞ্চল’ হিসেবে উল্লেখ করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, প্রশাসনের বিভিন্ন পর্যায় থেকে তারা তথ্য পাচ্ছেন যে একটি রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করা হচ্ছে। তিনি বলেন, ‘তারেক রহমান দেশে এসেছেন—আমরা তাকে স্বাগত জানিয়েছি। কিন্তু প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা অফিস বাদ দিয়ে রাস্তায় দাঁড়িয়ে তাকে সালাম জানাচ্ছেন। এ ধরনের দৃশ্য আমরা শেখ হাসিনার আমলেও দেখেছি। বর্তমান বাংলাদেশে আমরা তা দেখতে চাই না।’

তিনি আরও বলেন, ‘আমাদের সামনে দুটি পথ ছিল—গোলামির রাজনীতি কিংবা আজাদির রাজনীতি। আমরা আজাদির রাজনীতি বেছে নিয়েছি। আমাদের ১১ দলীয় জোট বাংলাদেশকে সব ধরনের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক পরাধীনতা থেকে মুক্ত করার সংগ্রাম অব্যাহত রাখবে।’

নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে আজাদির নতুন যাত্রা শুরু করা হয়েছে। তিনি বলেন, ‘শহীদ ওসমান হাদির বিচার নিশ্চিত করা এবং তিনি যে আজাদির সংগ্রাম শুরু করেছিলেন, তা সম্পন্ন করাই এখন আমাদের প্রধান দায়িত্ব।’

তিনি ঘোষণা দেন, আজ থেকে ঢাকা-৮ আসনের রমনা, শাহবাগ, মতিঝিল, শাহজাহানপুরসহ পুরো বাংলাদেশকে ‘আজাদ অঞ্চল’ হিসেবে ঘোষণা করা হয়েছে। এই এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম কিংবা দখলদারি মেনে নেওয়া হবে না বলে তিনি সতর্ক করেন।

নির্বাচনী আচরণবিধি প্রসঙ্গে তিনি বলেন, ‘২১ জানুয়ারির আগে আজাদী পদযাত্রায় কোনো প্রতীক ব্যবহার বা ভোট চাওয়ার কার্যক্রম থাকবে না। আচরণবিধি প্রত্যাহারের পর আইন মেনেই প্রচারণা চালানো হবে।’

এ সময় সংবাদ সম্মেলনে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ জাতীয় ছাত্রশক্তির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এমবি এইচআর