ছাত্রলীগের কমিটিতে আমার কখনও কোনো পদ-পদবি ছিল না: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম জানিয়েছেন, ছাত্রলীগের কোনো কমিটিতে তার কখনও কোনো পদ-পদবি ছিল না।

Jan 7, 2026 - 19:34
 0  2
ছাত্রলীগের কমিটিতে আমার কখনও কোনো পদ-পদবি ছিল না: সারজিস আলম
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম জানিয়েছেন, ছাত্রলীগের কোনো কমিটিতে তার কখনও কোনো পদ-পদবি ছিল না। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি ব্যবহার করে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততা দেখিয়ে যে প্রচারণা চালানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন তিনি।

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় শহরের লিচুতলা এলাকায় জেলা এনসিপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে সারজিস আলম বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে ফটোকার্ড তৈরি করে বলা হচ্ছে, আমি নাকি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা জানাতাম। বাস্তবতা হলো—জীবনের কোনো পর্যায়েই ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি তো দূরের কথা, কোনো ইউনিট বা কমিটিতেই আমার কোনো পদ-পদবি ছিল না।”

তিনি অভিযোগ করেন, তাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে পরিকল্পিতভাবে গুজব ও অপপ্রচার ছড়ানো হচ্ছে। এনসিপির রাজনীতিতে যারা যুক্ত হচ্ছেন, তাদের বিরুদ্ধেও একই ধরনের প্রচারণা ও হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি, যা সুষ্ঠু নির্বাচনী পরিবেশকে বাধাগ্রস্ত করছে।

সারজিস আলম বলেন, এসব অপপ্রচার বন্ধে সরকার ও নির্বাচন কমিশনের কার্যকর হস্তক্ষেপ প্রয়োজন। একই সঙ্গে তিনি গণমাধ্যম ও সাধারণ জনগণকে বিভ্রান্তিকর তথ্য যাচাই না করে বিশ্বাস না করার আহ্বান জানান।

এমবি এইচআর