মুসাব্বির হত্যা বিচ্ছিন্ন ঘটনা, নির্বাচনে প্রভাব পড়বে না : সালাউদ্দিন আহমদ

রাজধানীতে ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ।

Jan 8, 2026 - 15:20
 0  2
মুসাব্বির হত্যা বিচ্ছিন্ন ঘটনা, নির্বাচনে প্রভাব পড়বে না : সালাউদ্দিন আহমদ
ছবি সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

রাজধানীতে ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, এ ধরনের বিচ্ছিন্ন ঘটনায় আসন্ন নির্বাচনে কোনো প্রভাব পড়বে না।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তি দেশের গণতান্ত্রিক যাত্রাকে ব্যাহত করতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে। তবে এসব বিচ্ছিন্ন ঘটনা নির্বাচনকে প্রভাবিত করতে পারবে না। সব রাজনৈতিক দলই নির্বাচনের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ এবং শেষ পর্যন্ত সফলভাবেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে অন্য রাজনৈতিক দলের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, কারও কোনো অভিযোগ থাকলে তা নির্বাচন কমিশনকে জানাতে পারেন। কমিশন বিষয়টি দেখবে।

তারেক রহমানের উত্তরবঙ্গ সফর প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, গণঅভ্যুত্থানে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উত্তরবঙ্গ সফর করবেন। এই সফরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কোনো সুযোগ নেই। শহিদদের কবর জিয়ারত করা জাতির প্রত্যাশা বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, বৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপিতে অনেক যোগ্য প্রার্থী থাকলেও সবাইকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি। যারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন, তাদের অনেকের বিরুদ্ধে ইতোমধ্যে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রয়োজনে আলাপ-আলোচনার মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রসঙ্গত, বুধবার (৭ জানুয়ারি) রাত ৮টার দিকে রাজধানীর বসুন্ধরা মার্কেটের পেছনে তেজতুরী বাজার এলাকায় অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা আজিজুর রহমান মুসাব্বিরসহ দুজনকে গুলি করে। আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে বিআরবি হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মুসাব্বিরকে মৃত ঘোষণা করেন।

এমবি এইচআর