ইব্রাহিম নবীর চেয়েও জামায়াত নেতার কোরবানি বড়’ বলা সেই আমিরের ক্ষমা প্রার্থনা
হজরত ইব্রাহিম (আ.)–এর কোরবানির সঙ্গে রাজনৈতিক কোরবানির তুলনা করে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন রংপুর মহানগর জামায়াতে ইসলামীর আমির এটিএম আজম খান।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
হজরত ইব্রাহিম (আ.)–এর কোরবানির সঙ্গে রাজনৈতিক কোরবানির তুলনা করে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন রংপুর মহানগর জামায়াতে ইসলামীর আমির এটিএম আজম খান। সামাজিক যোগাযোগমাধ্যমে তার বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়ার পর ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ ওঠে। এ ঘটনার পর নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন তিনি।
শনিবার সন্ধ্যায় সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এটিএম আজম খান বলেন, পীরগাছা উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত একটি মতবিনিময় সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি অনভিপ্রেত ও অসতর্ক শব্দচয়ন ব্যবহার করেছেন, যা তার ‘স্লিপ অব টাং’ থেকে হয়েছে।
এর আগে গত ৮ জানুয়ারি পীরগাছার কদমতলা এলাকায় অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় তিনি বিতর্কিত বক্তব্যটি দেন। সভায় রংপুর-৪ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনও উপস্থিত ছিলেন। প্রায় এক মিনিট ২৫ সেকেন্ডের ভাইরাল ভিডিওতে এটিএম আজম খানকে বলতে শোনা যায়, ইব্রাহিম (আ.) ও ইসমাইল (আ.)–এর কোরবানির সঙ্গে রাজনৈতিক প্রেক্ষাপটে একটি কোরবানির তুলনা তুলে ধরা হয়েছে, যা নিয়ে পরে ব্যাপক সমালোচনা শুরু হয়।
সমালোচনার পর দেওয়া বিবৃতিতে তিনি বলেন, ‘পবিত্র কুরআন ও হাদিসে বর্ণিত হজরত ইব্রাহিম (আ.) ও তার পুত্র হজরত ইসমাইল (আ.)–এর কোরবানির ঘটনা ইসলামের এক অতুলনীয় আদর্শ ও ত্যাগের দৃষ্টান্ত। এর সঙ্গে তুলনামূলক কোনো বক্তব্য দেওয়া আমার উদ্দেশ্য ছিল না এবং তা আমার বিশ্বাস ও আকিদার পরিপন্থী।’
তিনি আরও বলেন, ‘ওই বক্তব্যের কারণে আমি সর্বপ্রথম আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থনা করছি এবং যদি কোনো ভাই-বোন বা শুভানুধ্যায়ী কষ্ট পেয়ে থাকেন, তাহলে তাদের সবার কাছেও আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে বক্তব্য প্রদানের ক্ষেত্রে আরও সতর্ক থাকার অঙ্গীকার করছি।’
উল্লেখ্য, এটিএম আজম খান রংপুর-৪ আসনে জামায়াতে ইসলামীর প্রাথমিক মনোনীত প্রার্থী ছিলেন। তবে জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির মধ্যে জোটগত সমঝোতার কারণে ওই আসনটি ছেড়ে দেওয়া হয়। ফলে তিনি মনোনয়নপত্র জমা দেননি এবং ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে এনসিপির সদস্যসচিব আখতার হোসেনকে সমর্থন দিয়েছেন।
এমবি এইচআর

