দাঁড়িপাল্লার পক্ষে না থাকলে মাহফিল শোনার দরকার নেই, জামায়াত নেতা
সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও উপজেলা জামায়াতের আমির মো. মিজানুর রহমানের একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও উপজেলা জামায়াতের আমির মো. মিজানুর রহমানের একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ‘যারা দাঁড়িপাল্লার পক্ষে থাকবে না, তাদের কোরআনের মাহফিল শোনার কোনো দরকার নেই।’
সম্প্রতি শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের স্বরুপপুর কাশিনাথপুর আব্দুল মজিদ হাফিজিয়া ও দাখিল মাদ্রাসার উন্নয়নকল্পে আয়োজিত একটি মসজিদের ইসলামি জলসায় বক্তব্যকালে তিনি এ কথা বলেন বলে জানা গেছে। শনিবার (১০ জানুয়ারি) ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা।
ভাইরাল ভিডিওতে মিজানুর রহমানকে আরও বলতে শোনা যায়, ‘আমি অনুরোধ করতে চাই—কোরআন আর আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য সবাই দাঁড়িপাল্লার পক্ষে থাকবেন।’ এ বক্তব্য ঘিরে নেটিজেনদের মধ্যে পক্ষে-বিপক্ষে হাজারো মন্তব্য দেখা যায়।
তবে বিতর্কের মুখে বক্তব্যের ব্যাখ্যা দিয়ে মিজানুর রহমান কালবেলাকে বলেন, তিনি প্রায় দুই মাস আগে ওই জলসায় বক্তব্য দিয়েছেন। তাঁর দাবি, ভিডিওতে বক্তব্যটি কেটে জোড়া লাগানো হয়েছে এবং তিনি সরাসরি এভাবে বলেননি। তাঁর ভাষায়, ‘আমি বলেছি সবাইকে কোরআনের পথে আসা বাঞ্ছনীয়।’
এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু কালবেলাকে বলেন, জামায়াতে ইসলামী বরাবরই ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার করে আসছে। তাঁর মতে, ‘ইসলামি জলসায় মানুষ কোরআন-হাদিসের আলোচনা শুনতে যায়। সেখানে রাজনৈতিক বক্তব্য দেওয়া সমীচীন নয়।’
এমবি এইচআর

