‘ম্যারেজ সংস্থার’ আড়ালে নারীদের সর্বনাশ, কাসেমীর বিরুদ্ধে তৃতীয় স্ত্রীর গুরুতর অভিযোগ
শরীয়াহ ভিত্তিক আদর্শ নিকাহ ব্যুরো ও কনসালটেন্ট প্ল্যাটফর্ম ‘আইডিয়াল ম্যারেজ ব্যুরো’-এর প্রতিষ্ঠাতা মুফতি মামুনুর রশিদ কাসেমীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন তার তথাকথিত তৃতীয় স্ত্রী পরিচয়দানকারী এক নারী।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
শরীয়াহ ভিত্তিক আদর্শ নিকাহ ব্যুরো ও কনসালটেন্ট প্ল্যাটফর্ম ‘আইডিয়াল ম্যারেজ ব্যুরো’-এর প্রতিষ্ঠাতা মুফতি মামুনুর রশিদ কাসেমীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন তার তথাকথিত তৃতীয় স্ত্রী পরিচয়দানকারী এক নারী।
‘তামান্না হাতুন’ নামে পরিচিত ওই নারী দাবি করেছেন, ‘আইডিয়াল ম্যারেজ ব্যুরো’র আড়ালে কাসেমী নারীদের সঙ্গে প্রতারণা ও অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত। তিনি অভিযোগ করেন, এই প্ল্যাটফর্মের মাধ্যমে স্বল্প মেয়াদে বিয়ের নামে নারীদের ধনী ব্যক্তিদের সঙ্গে “কন্টাক্ট ম্যারেজ”-এ জড়ানো হয়, যা এক ধরনের প্রতারণা ও নারী শোষণ।
বৃহস্পতিবার বিকেলে নিজের ফেসবুক আইডি থেকে প্রকাশিত এক পোস্টে তামান্না হাতুন লিখেছেন, তিনি কাসেমীর সঙ্গে মৌখিকভাবে বিয়ে করেন এবং দশ হাজার টাকা কাবিনে সংসার শুরু করেন। কিন্তু কিছুদিন পরই কাসেমী তাকে তালাক দিয়ে পুনরায় অবৈধ সম্পর্ক বজায় রাখেন।
তামান্নার অভিযোগ, গর্ভধারণের পর কাসেমী তাকে গর্ভপাত করাতে বাধ্য করেন। এরপর তিনি কুষ্টিয়ায় গিয়ে ১৩ বছরের এক কিশোরীকে বিয়ে করেন, যা এখনো প্রকাশ্যে আনেননি।
তিনি আরও জানান, বিষয়টি প্রকাশ করার পর তার পরিবারকে হুমকি দেওয়া হয়। বর্তমানে তিনি কাসেমীর বিরুদ্ধে মামলা করেছেন এবং প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।
উল্লেখ্য, সম্প্রতি ধর্মীয় বক্তা আবু ত্বহা মোহাম্মদ আদনানের বিরুদ্ধেও একাধিক পরকীয়া ও সহিংসতার অভিযোগ উঠে এসেছে। এর রেশ কাটতে না কাটতেই মুফতি কাসেমীর বিরুদ্ধে এ ধরনের নতুন অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় শুরু হয়েছে।
এমবি এইচআর

