আওয়ামী লীগের উত্থানে প্রতিপক্ষদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে: গোলাম মাওলা রনি

সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি বলেছেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগের কর্মকাণ্ড ও অবস্থান প্রতিপক্ষদের মধ্যে গভীর আতঙ্ক সৃষ্টি করেছে।

Oct 22, 2025 - 13:51
 0  2
আওয়ামী লীগের উত্থানে প্রতিপক্ষদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে: গোলাম মাওলা রনি
ছবি-সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি বলেছেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগের কর্মকাণ্ড ও অবস্থান প্রতিপক্ষদের মধ্যে গভীর আতঙ্ক সৃষ্টি করেছে। তার মতে, আওয়ামী লীগ এখন এমনভাবে সংগঠিত ও আত্মবিশ্বাসী হয়ে উঠেছে যে, প্রতিপক্ষরা প্রকাশ্যেই তাদের ক্ষমতায় ফিরে আসা ঠেকানোর কথা বলছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) নিজের ইউটিউব চ্যানেল ‘তিনতন্ত্র’-এ প্রকাশিত এক ভিডিওতে গোলাম মাওলা রনি বলেন, বর্তমানে শেখ হাসিনা অত্যন্ত পরিকল্পিত ও নিয়ন্ত্রিতভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন। কোথায় কঠোর হতে হবে, কোথায় সংযত থাকতে হবে—এসব বিষয়ে তিনি সুস্পষ্ট কৌশল অবলম্বন করছেন।

রনি বলেন, শেখ হাসিনা এখন যেভাবে ধীরে, সুস্থে ও গবেষণাভিত্তিকভাবে কাজ করছেন, যদি সেই মনোযোগ ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত অব্যাহত রাখতেন, তবে দেশের রাজনৈতিক ইতিহাস অন্যরকম হতে পারত।

তিনি মন্তব্য করেন, আওয়ামী লীগের বর্তমান ‘গর্জন’ ও দৃঢ় অবস্থান দেখে প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলো উদ্বেগে রয়েছে। অনেকেই আশঙ্কা করছেন, আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় এলে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ বিপন্ন হতে পারে।

গোলাম মাওলা রনি আরও বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য বুলেটপ্রুফ গাড়ি ও নিরাপত্তা ব্যবস্থা অনুমোদনের বিষয়টি এই আতঙ্কেরই প্রতিফলন। তার মতে, এটি কোনো প্রতিদ্বন্দ্বী দলকে ভয় পেয়ে নয়, বরং আওয়ামী লীগের সম্ভাব্য প্রত্যাবর্তনকে সামনে রেখে নেওয়া সতর্কতা।

তিনি বলেন, এক বছর আগেও বিএনপির ভয় পাওয়ার কথা ছিল না, বরং আত্মবিশ্বাস বেড়ে যাওয়ার কথা। কিন্তু এখন উল্টোভাবে তাদের ভেতর আতঙ্ক ছড়িয়ে পড়েছে—যা রাজনীতির বাস্তব চিত্রকেই স্পষ্ট করছে।

এমবি এইচআর