ভারত কৌশলগত চাপ বাড়াচ্ছে, মরণকামড় দিবে এমন দাবি গোলাম মাওলা রনির
সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি দাবি করেছেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ঘিরে ভারত এখন অত্যন্ত অধৈর্য হয়ে উঠেছে এবং কৌশলগত স্বার্থ রক্ষায় সর্বোচ্চ প্রভাব খাটাতে আগ্রহী।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি দাবি করেছেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ঘিরে ভারত এখন অত্যন্ত অধৈর্য হয়ে উঠেছে এবং কৌশলগত স্বার্থ রক্ষায় সর্বোচ্চ প্রভাব খাটাতে আগ্রহী। নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিওবার্তায় তিনি বলেন, ভারতের দীর্ঘদিনের নেহেরু ডকট্রিনের ভিত্তিতেই প্রতিবেশী দেশগুলোকে ঘিরে তাদের নীতি পরিচালিত হয়, যার প্রভাব বাংলাদেশেও স্পষ্ট।
রনি বলেন, ভারত ঐতিহাসিকভাবে বাংলাদেশকে কৌশলগত অঞ্চলের অংশ হিসেবে দেখে এসেছে। তার মতে, এ কারণে বাংলাদেশে রাজনৈতিক স্থিতি ও ক্ষমতার পরিবর্তন নিয়ে দেশটি বিশেষভাবে সতর্ক। তিনি উল্লেখ করেন, ভারতের কাছে আওয়ামী লীগকে দীর্ঘদিন ধরে "প্রধান সহযোগী" হিসেবে বিবেচনা করা হয়, আর এজন্য দলটির সঙ্গে তাদের সম্পর্কও গভীর।
তিনি বলেন, নির্বাচনের আগে বাংলাদেশের রাজনৈতিক সমীকরণ দ্রুত বদলে যাচ্ছে। বিএনপির যেকোনো সময়ে শক্তিশালীভাবে ফিরে আসার সম্ভাবনা এবং জামায়াতের সাম্প্রতিক উত্থান ভারতের কূটনৈতিক অস্বস্তির কারণ হতে পারে। রনির ভাষায়, বিএনপি ক্ষমতায় এলে ভারত-বিএনপি সমঝোতা কতটা কার্যকর হবে, তা অনিশ্চিত। অন্যদিকে জামায়াত যদি আরও শক্তিশালী ভূমিকা নেয়, তা ভারতের নিরাপত্তা ও কৌশলগত স্বার্থে বড় ঝুঁকি তৈরি করতে পারে।
রনি আরও দাবি করেন, এসব কারণেই দিল্লির প্রভাবশালী অংশ ও নীতিনির্ধারকরা বাংলাদেশ পরিস্থিতির ওপর নজরদারি এবং নিয়ন্ত্রণ বাড়িয়ে দিয়েছে। এতে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলেও তিনি মন্তব্য করেন।
এমবি এইচআর

