‘খবরদার, আমি শাহজাহান চৌধুরী’—বক্তব্যে ফের বিতর্ক
বিতর্কিত মন্তব্যের জেরে আবারো আলোচনায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে তাকে আরও উগ্র সুরে বক্তব্য দিতে দেখা গেছে।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
বিতর্কিত মন্তব্যের জেরে আবারো আলোচনায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে তাকে আরও উগ্র সুরে বক্তব্য দিতে দেখা গেছে।
ভিডিওতে শাহজাহান চৌধুরীকে বলতে শোনা যায়, ‘আল্লাহর ওয়াস্তে রাজনৈতিক বাড়াবাড়ি করিয়েন না। আমার নাম শাহজাহান চৌধুরী। আমি শুনতেছি, অনেকজনে নাকি আমাকে নিয়ে উল্টাপাল্টা বলতেছে।’
এরপর সতর্ক করে তিনি বলেন, ‘খবরদার, খবরদার; আমি শাহজাহান চৌধুরী। আমাকে যারা না চিনে, তারা এখনো মাটির নিচে বসবাস করে। আমি চোখ তুলে দেখতেছি, আমার জন্য আল্লাহ আছে। আল্লাহর মেহেরবানি, আল্লাহ আমার জন্য সূর্য ঠেকিয়ে রাখবে।’
এর আগে গত ২২ নভেম্বর চট্টগ্রামে জামায়াতের নির্বাচনী দায়িত্বশীলদের সমাবেশে প্রশাসনকে নিয়ন্ত্রণে রাখার মতো বক্তব্য দিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। সেই বক্তব্য ছড়িয়ে পড়ার পর তীব্র প্রতিক্রিয়া তৈরি হয় দেশের রাজনৈতিক অঙ্গনে।
এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার (২৫ নভেম্বর) জামায়াতের পক্ষ থেকে তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়। আগামী ৭ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। সন্তোষজনক ব্যাখ্যা না পেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।
উল্লেখ্য, শাহজাহান চৌধুরী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামের চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনের মনোনীত প্রার্থী।
এমবি এইচআর

