পাকিস্তানের উপকার ভুলে গেছে আফগানিস্তান: শহীদ আফ্রিদি

Oct 19, 2025 - 10:50
 0  2
পাকিস্তানের উপকার ভুলে গেছে আফগানিস্তান: শহীদ আফ্রিদি

মেঘনাবার্তা প্রতিনিধি: পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানের তিন স্থানীয় ক্রিকেটার নিহত হয়েছেন। এই ঘটনার নিন্দা জানিয়ে আগামী ১৭ নভেম্বর লাহোরে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে আফগানিস্তান।

আফগানিস্তানের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি। আফগানরা অতীতের উপকার ভুলে গেছে বলে মন্তব্য করেছেন তিনি।

সামাজিক মাধ্যমে আফ্রিদি লিখেছেন, ‘আফগান ভাইদের পাশে সব সময় থেকেছে পাকিস্তান। তাদের দুঃখ-কষ্টকে নিজেদের মনে করে। ভাইদের জন্যই সীমান্ত খুলে দিয়েছে, ৪০ লাখ শরণার্থীকে আশ্রয় দিয়েছে। সামর্থ্য অনুযায়ী আমিও ৩৫০ আফগান পরিবারের দেখাশোনা করি। তবু দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, সাম্প্রতিক সময়ে এসব উপকার ভুলে গেছে আফগানিস্তান, সীমান্তে প্রকাশ্য আগ্রাসন চালিয়েছে। যার যথাযথ জবাব দিয়েছে আমাদের সেনারা।’

তিনি আরও বলেন, আফগানিস্তান যেন অন্য দেশের দ্বারা ব্যবহার না হয়। যদিও সরাসরি নাম বলেননি, তবু তার বক্তব্যে ইঙ্গিত ছিল ভারতের দিকেই। আফ্রিদির ভাষায়, ‘আফগানিস্তানের ভাবা উচিত, পাকিস্তান তার ভ্রাতৃপ্রতিম ইসলামী দেশ। তাই আফগানিস্তান যেন এমন দেশের হাতে ব্যবহৃত না হয়, যে দেশ ইতিমধ্যে পাকিস্তানের ভেতরে সন্ত্রাসীদের সহায়তা করছে।’

ত্রিদেশীয় সিরিজটিতে আফগানিস্তান সরে যাওয়ায় বিকল্প দল খুঁজছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অন্য দলটি শ্রীলঙ্কা।

পিসিবির এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ‘ত্রিদেশীয় সিরিজ নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে। আফগানিস্তান সরে দাঁড়ালেও আমরা বিকল্প খুঁজছি। কয়েকটি বোর্ডের সঙ্গে আলোচনা চলছে, চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।’

অন্যদিকে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) বিবৃতিতে জানিয়েছে, ‘এই মর্মান্তিক ঘটনার পর পাকিস্তানে খেলতে যাওয়া অসম্ভব। আমাদের খেলোয়াড় ও জাতির মর্যাদার প্রতি সম্মান দেখিয়ে আমরা এই সিরিজে অংশ নিচ্ছি না।’

এমবি/এসআর