অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ; আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন মরক্কো
স্পোর্টস ডেস্ক: অবিশ্বাস্য এক সাফল্যের গল্প লিখল মরক্কোর ফুটবল। চিলির সান্তিয়াগো ন্যাশনাল স্টেডিয়ামে সোমবার অনুষ্ঠিত ফাইনালে শক্তিশালী আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শিরোপা জিতেছে মরক্কো।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছন্দে খেলতে থাকে আফ্রিকার এই উদীয়মান দল। খেলার ১২তম মিনিটে ইয়াসির জাবিরির গোলে এগিয়ে যায় মরক্কো। পরে ২৯তম মিনিটে ওথমান মামার পাসে আবারও জাবিরির গোলে ব্যবধান দ্বিগুণ করে ‘অ্যাটলাস কাবস’।
দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা মরিয়া হয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও, মরক্কোর গোলরক্ষক ও রক্ষণভাগ ছিল দুর্ভেদ্য। একের পর এক আক্রমণ ঠেকিয়ে রেখে শেষ পর্যন্ত জয় ধরে রাখে তারা।
এই জয়ের মধ্য দিয়ে ২০০৯ সালের পর প্রথমবারের মতো কোনো আফ্রিকান দেশ অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জিতল। এর আগে ঘানা করেছিল সেই কীর্তি।
সেমিফাইনালে মরক্কো টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে ইতিহাস গড়ে ফাইনালে উঠেছিল, আর আর্জেন্টিনা কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে নবমবারের মতো ফাইনালে পৌঁছায়। তবে মরক্কোর তরুণদের কাছে হেরে সপ্তম শিরোপার স্বপ্নভঙ্গ হয় ছয়বারের বিশ্বচ্যাম্পিয়নদের।
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কলম্বিয়া ১-০ গোলে ফ্রান্সকে হারিয়ে টুর্নামেন্টে তৃতীয় হয়।
পুরো ম্যাচজুড়ে গ্যালারিতে থাকা হাজারো মরক্কো সমর্থক পতাকা উড়িয়ে, গান গেয়ে দলকে উৎসাহ দেন। প্রায় দুই দশক পর অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে ফিরে এসে মরক্কোর এই শিরোপা জয় আফ্রিকান ফুটবলে নতুন আশার আলো জ্বেলে দিয়েছে।
এমবি/এসআর

