জন্ম বেলজিয়ামে, বাবা পাকিস্তানি, মা ভারতীয়, বেড়ে উঠেছেন অস্ট্রেলিয়ায়, খেলবেন জিম্বাবুয়ের হয়ে
জন্ম বেলজিয়ামে, বাবা পাকিস্তানি, মা ভারতীয় বংশোদ্ভূত—আর বেড়ে ওঠা অস্ট্রেলিয়ায়। এমন বহুজাতিক পটভূমি নিয়েও ২৬ বছর বয়সী ব্যাটিং অলরাউন্ডার আন্তুম নাকভি এখন জিম্বাবুয়ের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের দ্বারপ্রান্তে।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
জন্ম বেলজিয়ামে, বাবা পাকিস্তানি, মা ভারতীয় বংশোদ্ভূত—আর বেড়ে ওঠা অস্ট্রেলিয়ায়। এমন বহুজাতিক পটভূমি নিয়েও ২৬ বছর বয়সী ব্যাটিং অলরাউন্ডার আন্তুম নাকভি এখন জিম্বাবুয়ের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের দ্বারপ্রান্তে।
নাগরিকত্ব জটিলতা কাটিয়ে তিনি এখন জিম্বাবুয়ের পূর্ণ নাগরিক। আজ আফগানিস্তানের বিপক্ষে হারারে টেস্ট দিয়েই হতে পারে তাঁর আন্তর্জাতিক যাত্রা শুরু।
স্বীকৃত ক্রিকেটে তাঁর শেষ তিন ইনিংস—১৫৮, ৬৮ ও ১০৮—নাকভিকে আবারও জাতীয় দলে ফিরিয়ে এনেছে। ২০২৩ সালে মিড ওয়েস্ট রাইনোসের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ম্যাচেই করেছিলেন সেঞ্চুরি ও ৫ উইকেট। পরের বছর তিনি জিম্বাবুয়ের ক্রিকেট ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ট্রিপল সেঞ্চুরি করেন।
ক্রিকেটে আসার আগে নাকভি ছিলেন একজন বাণিজ্যিক পাইলট। তবে খেলাধুলার প্রতি গভীর টানে বিমানচালনা ছেড়ে মন দেন ক্রিকেটে। জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার সলোমন মায়ারের পরামর্শেই তিনি সেখানকার ঘরোয়া লিগে যোগ দেন।
বর্তমানে সীমিত ওভারের ক্রিকেটেও সমান সফল এই অলরাউন্ডার। ২২ লিস্ট ‘এ’ ম্যাচে ৬ সেঞ্চুরি ও ৫ ফিফটি করেছেন, নিয়েছেন ৮৬ উইকেট।
চার মহাদেশ—এশিয়া, ইউরোপ, ওশেনিয়া ও আফ্রিকা—ছুঁয়ে যাওয়া এই ক্রিকেটারকে অনেকেই বলছেন “গ্লোবাল প্লেয়ার”। নাকভি নিজেও জানিয়ে দিয়েছেন, তিনি জিম্বাবুয়ের তারকা সিকান্দার রাজার মতোই দেশের ক্রিকেটে নিজের নাম উজ্জ্বল করতে চান।
এমবি এইচআর

