টানা ৫ হারে বিশ্বকাপ থেকে বিদায় টাইগ্রেসদের
মেঘনাবার্তা প্রতিনিধি: পাকিস্তানের বিপক্ষে জয়ে দুর্দান্ত সূচনা করেও টানা পাঁচ ম্যাচে হেরে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে নিশ্চিত জয়ের ম্যাচ হেরে যাওয়ায় সেমিফাইনালের স্বপ্ন শেষ হলো নিগার সুলতানা জ্যোতির দলের।
লঙ্কানদের দেওয়া ২০৩ রানের লক্ষ্য তাড়ায় শেষ ৫ ওভারে মাত্র ২৭ রান প্রয়োজন ছিল বাংলাদেশের, হাতে ছিল ৭ উইকেট। কিন্তু সেই অবস্থায় দলীয় খাতায় মাত্র ১ রান যোগ করতেই হারায় ৫ উইকেট—ফলে ৭ রানের হতাশাজনক হার। ম্যাচ শেষে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি স্বীকার করেছেন, “শেষদিকে আমরা চাপ সামলাতে পারিনি, পরিকল্পনায় নিয়ন্ত্রণ হারিয়েছি।”
ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও জয় হাতছোঁয়া দূরত্বে এসেও তীরে গিয়ে তরী ডোবায় টাইগ্রেসরা। জ্যোতি বলেন, “আমরা তিনটি ম্যাচ জেতার মতো অবস্থায় থেকেও হেরেছি। কোনো কোনো মুহূর্তে আমরা নিজেদের স্নায়ুর নিয়ন্ত্রণ হারিয়েছি। নিয়মিত উইকেট হারানো এবং চাপ নিতে না পারার ব্যর্থতাই মূল কারণ।”
তিনি আরও যোগ করেন, “অন্য দলগুলো শেষ মুহূর্তে ঠান্ডা মাথায় খেলে, আমরা সেটি পারিনি। ভবিষ্যতে এই বিষয়টিতে উন্নতি করতে হবে।”
বাংলাদেশের ইনিংসে জ্যোতি ও শারমিন সুপ্তা গড়েছিলেন ৮২ রানের জুটি। কিন্তু সুপ্তা ক্র্যাম্পের কারণে মাঠ ছাড়লে ব্যাটিংয়ের মোমেন্টাম বদলে যায়। জ্যোতির ভাষায়, “আমরা দারুণভাবে ব্যাট করছিলাম, কিন্তু সুপ্তা রিটায়ার্ড হার্ট হয়ে গেলে ম্যাচের গতি পাল্টে যায়।”
এরপর স্বর্ণা আক্তারের সঙ্গে ৫০ রানের জুটি গড়েও দলকে জেতাতে পারেননি অধিনায়ক। শেষ পর্যন্ত ৬ ম্যাচে ৫ হারে বাংলাদেশের পয়েন্ট রইল মাত্র ২। ভারতের বিপক্ষে শেষ ম্যাচটি এখন কেবল নিয়মরক্ষার লড়াই।
এমবি/এসআর

