নেগ্রেইরা কেলেঙ্কারিতে আবারও আইনি চাপে বার্সেলোনা

স্পেনের ফুটবলের ইতিহাসে সবচেয়ে আলোচিত দুর্নীতির মামলা ‘নেগ্রেইরা কেস’ আবারও নতুন করে বার্সেলোনাকে আইনি চাপে ফেলেছে।

Oct 28, 2025 - 20:00
 0  2
নেগ্রেইরা কেলেঙ্কারিতে আবারও আইনি চাপে বার্সেলোনা
ছবি-সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
স্পেনের ফুটবলের ইতিহাসে সবচেয়ে আলোচিত দুর্নীতির মামলা ‘নেগ্রেইরা কেস’ আবারও নতুন করে বার্সেলোনাকে আইনি চাপে ফেলেছে। রেফারিকে অর্থ প্রদান করে ম্যাচের ফল প্রভাবিত করার অভিযোগে চলমান এই মামলায় আদালত নতুন নির্দেশনা দিয়েছে কাতালান ক্লাবটিকে।

বার্সেলোনার একটি আদালত ক্লাবটির উদ্দেশ্যে নোটিশ জারি করেছে। নির্দেশনায় বলা হয়েছে, ২০০১ থেকে ২০১৮ সালের মধ্যে জোসে মারিয়া এনরিকেজ নেগ্রেইরা ও তার সংশ্লিষ্ট কোম্পানিগুলিকে প্রদত্ত ৮ মিলিয়ন ইউরোর (প্রায় ৯৩ কোটি টাকা) সকল চুক্তি ও সহায়ক নথি উপস্থাপন করতে হবে।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল মুন্ডো’ জানিয়েছে, তদন্তকারীরা বার্সার আর্কাইভে কোনো মূল চুক্তি বা লিখিত নথি খুঁজে পাননি, যা রেফারিকে এই অর্থ প্রদানের যৌক্তিকতা দেখায়। যদিও বার্সেলোনা দাবি করেছে, এই অর্থ প্রদান করা হয়েছিল ‘রেফারিং পরামর্শ সেবা’ হিসেবে। কিন্তু প্রমাণের অভাবে ক্লাব ও সাবেক রেফারি কমিটির উপ-সভাপতি নেগ্রেইরার সম্পর্ক নিয়ে সন্দেহ আরও গভীর হয়েছে।

আদালতের নির্দেশ শুধু নথি জমা দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। বার্সেলোনাকে একটি আইনি সত্তা হিসেবে সাক্ষ্য দিতে তলব করা হয়েছে। পাশাপাশি সাবেক কোচ লুইস এনরিক, এরনেস্তো ভালভারদে এবং বর্তমান সভাপতি জোয়ান লাপোর্তা আগামী ২৫ নভেম্বর প্রত্যক্ষ সাক্ষী হিসেবে আদালতে হাজির হবেন।

উল্লেখ্য, ২০২৩ সালের মার্চে বার্সেলোনার বিরুদ্ধে ২০০১ থেকে ২০১৮ সাল পর্যন্ত ৭৩ লাখ ইউরো অর্থাৎ প্রায় ৮৫ কোটি টাকা দেওয়ার অভিযোগ আনে সরকারি কৌঁসুলিরা। তদন্তের মূল প্রশ্ন হচ্ছে, এই লেনদেনগুলো কি সত্যিই বৈধ পরামর্শ ফি ছিল, নাকি রেফারিদের সিদ্ধান্ত প্রভাবিত করার প্রচেষ্টা?

আদালত বার্সেলোনাকে নির্দেশ দিয়েছে, লেনদেন বৈধ প্রমাণের জন্য যেকোনো প্রকার লিখিত প্রতিবেদন, সার্ভিস রেকর্ড বা যোগাযোগের নথি জমা দিতে। এখন পর্যন্ত কোনো ভৌত প্রমাণ না পাওয়ায় মামলার গুরুত্ব আরও বেড়েছে।

বার্সেলোনা যথাযথ নথি উপস্থাপন করতে ব্যর্থ হলে, ক্লাবটির বিরুদ্ধে আর্থিক ও ক্রীড়াসংশ্লিষ্ট অসঙ্গতির অভিযোগ আরও জোরালো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এমবি এইচআর