ইনজুরির কারণে পারফরম্যান্সে ভাটা পড়েছে বার্সার তরুণ ইয়ামালের

Nov 1, 2025 - 16:36
 0  2
ইনজুরির কারণে পারফরম্যান্সে ভাটা পড়েছে বার্সার তরুণ ইয়ামালের

মেঘনাবার্তা প্রতিনিধি: বার্সেলোনার তরুণ উইঙ্গার লামিনে ইয়ামাল ইনজুরি। স্প্যানিশ গণমাধ্যম জানিয়েছে, কুঁচকির সমস্যাজনিত ‘পিউবালজিয়া’ নামের ইনজুরিটি তার খেলার ওপর বড় ধরনের প্রভাব ফেলছে। ব্যথা না কমলে ভবিষ্যতে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

তবে আপাতত বার্সেলোনা ও ইয়ামাল কেউই সার্জারির পথে হাঁটতে চায় না। ক্লাবের চিকিৎসক দল রক্ষণশীল চিকিৎসা পদ্ধতি অনুসরণ করে তার অবস্থার উন্নতি পর্যবেক্ষণ করছে। বাইরের বিশেষজ্ঞরাও বিষয়টি পর্যালোচনা করেছেন, কিন্তু এখনই অস্ত্রোপচারের পরামর্শ দেননি কেউ।

এই ইনজুরির ফলে কুঁচকির আশপাশে স্থায়ী ব্যথা থাকে, যা গতি-নির্ভর খেলোয়াড়দের পারফরম্যান্সে বাধা সৃষ্টি করে। ইয়ামালের ক্ষেত্রেও সেটি স্পষ্ট—সাম্প্রতিক এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে তাকে নিস্তেজ দেখা গেছে, ব্যথার কারণে খেলায় ছিল সতর্কতা।

স্প্যানিশ ক্রীড়া বিশেষজ্ঞ ড. পেদ্রো লুইস রিপোল বলেন, ‘এই ইনজুরি খেলোয়াড়কে মাঠের বাইরে রাখে না, কিন্তু পুরো খেলায় তাকে বদলে দেয়। গতি কমে যায়, প্রতিক্রিয়া দুর্বল হয় এবং শট নেওয়ার সক্ষমতাও হ্রাস পায়।’

ইনজুরিতে পড়ার পর থেকে ইয়ামাল পাঁচ ম্যাচে মাত্র এক গোল (পেনাল্টি থেকে) ও দুই অ্যাসিস্ট করতে পেরেছেন। তবে ক্লাব আশাবাদী—বিশ্রাম ও চিকিৎসার মাধ্যমে ইয়ামাল শিগগিরই পুরোনো ছন্দে ফিরবেন।

আগামী রবিবার এলচের বিপক্ষে ম্যাচে তার দলে ফেরার সম্ভাবনা রয়েছে। এল ক্লাসিকোর পর ঘুরে দাঁড়াতে ইয়ামালের উপস্থিতি বার্সেলোনার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন কোচ ও সমর্থকেরা।

এমবি/এসআর