নারী ক্রিকেটে ইতিহাস—বিশ্বচ্যাম্পিয়ন ভারত পেল ১২৫ কোটি টাকা পুরস্কার

নারী ক্রিকেটে ইতিহাস গড়ল ভারত। প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপ জিতে নিল হারমানপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় দল। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে তারা অর্জন করল কাঙ্ক্ষিত ট্রফি।

Nov 3, 2025 - 12:49
 0  2
নারী ক্রিকেটে ইতিহাস—বিশ্বচ্যাম্পিয়ন ভারত পেল ১২৫ কোটি টাকা পুরস্কার
ছবি-সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

নারী ক্রিকেটে ইতিহাস গড়ল ভারত। প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপ জিতে নিল হারমানপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় দল। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে তারা অর্জন করল কাঙ্ক্ষিত ট্রফি।

বিশ্বকাপ জয়ের সুবাদে আইসিসি ভারতীয় দলকে পুরস্কার হিসেবে দিয়েছে ৪৪ লাখ ৮০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৪ কোটি ২৬ লাখ টাকা। এর পাশাপাশি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নারী দলকে আরও ৫১ কোটি রুপি পুরস্কারের ঘোষণা দিয়েছে, যা প্রায় ৭০ কোটি ৪৪ লাখ টাকার সমান। অর্থাৎ, এক রাতেই প্রায় ১২৫ কোটি টাকার পুরস্কার নিশ্চিত হয়েছে নারী ক্রিকেটের নতুন বিশ্বচ্যাম্পিয়নদের জন্য।

বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে নারী ক্রিকেটে সমতা আনতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। নারী ও পুরুষ ক্রিকেটারদের পারিশ্রমিক এক করার পাশাপাশি আন্তর্জাতিক টুর্নামেন্টে পুরস্কারের পরিমাণও কয়েকগুণ বাড়ানো হয়েছে। বোর্ডের নেতৃত্বে আসার পর জয় শাহ নারী ক্রিকেটের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়েছেন, যার ফল আজ দৃশ্যমান।

এবারের নারী বিশ্বকাপে মোট প্রাইজমানি ছিল ১৬৮ কোটি টাকারও বেশি, যা ইতিহাসে যেকোনো নারী ক্রিকেট টুর্নামেন্টের সর্বোচ্চ। আইসিসির দেওয়া পুরস্কারের অঙ্ক নারী ফুটবলের বিশ্বচ্যাম্পিয়ন দলের চেয়েও বেশি। গত বছর স্পেন নারী ফুটবল দল বিশ্বকাপ জিতেও পেয়েছিল প্রায় ৫১ কোটি ৯৭ লাখ টাকা, যা ভারতের মেয়েদের পাওয়া টাকার তুলনায় কম।

বিশ্বকাপজয়ের মাধ্যমে ভারত নারী দল শুধু ইতিহাসই গড়েনি, বরং নারী ক্রিকেটে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। এই সাফল্য নিঃসন্দেহে নারী ক্রিকেটের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করে তুলবে এবং নতুন প্রজন্মের নারী খেলোয়াড়দের অনুপ্রেরণা যোগাবে।

এমবি এইচআর