মেসির জোড়া গোল-অ্যাসিস্টে জয় পেলো ইন্টার মায়ামি

Nov 9, 2025 - 10:31
 0  2
মেসির জোড়া গোল-অ্যাসিস্টে জয় পেলো ইন্টার মায়ামি

মেঘনাবার্তা প্রতিনিধি:

লিওনেল মেসির জোড়া গোল ও অ্যাসিস্টে দারুণ এক ইতিহাস গড়েছে ইন্টার মায়ামি। ফ্লোরিডার ফোর্ট লডারডেলে শনিবার রাতে ন্যাশভিল এসসিকে ৪–০ গোলে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো এমএলএস কাপ প্লে-অফের দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছে দলটি।

পুরো ম্যাচজুড়ে ছিল মেসির প্রভাব। তিন ম্যাচের সিরিজে মায়ামির করা মোট আট গোলের সবকটিতেই সরাসরি যুক্ত ছিলেন তিনি—পাঁচ গোল করেছেন নিজে, আর তিনটি করিয়েছেন সতীর্থদের দিয়ে।

ন্যাশভিলের বিপক্ষে মেসির দুর্দান্ত রেকর্ডও আরও ঝলমল করছে। সব মিলিয়ে প্রতিপক্ষটির বিপক্ষে এখন তার গোল সংখ্যা ১৫। তবে মজার ব্যাপার, ইস্টার্ন কনফারেন্সের দ্বিতীয় বাছাই এফসি সিনসিনাটির বিপক্ষে এখনও গোলশূন্য রয়েছেন মেসি। সেই সিনসিনাটির বিরুদ্ধেই দুই সপ্তাহ পর এক ম্যাচের সেমিফাইনালে নামবে মায়ামি।

শনিবারের ম্যাচে নিষেধাজ্ঞার কারণে ছিলেন না লুইস সুয়ারেস। তবে তার অনুপস্থিতি পূরণ করেন টাডেও আলেন্দে, যিনি দ্বিতীয়ার্ধে জোড়া গোলের পাশাপাশি করেন একটি অ্যাসিস্টও।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় মায়ামি। ১০ মিনিটে আলেন্দের পাস থেকে মেসি নিচু শটে গোল করে দলকে এগিয়ে নেন। ৩৯ মিনিটে মাতোও সিলভেত্তির দুর্দান্ত পাসে দ্বিতীয় গোলটি করেন তিনি।

দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল আসে আলেন্দের পা থেকে, দুটিতেই সহায়তা করেন মেসি। ফলে বড় ব্যবধানেই জয় পায় ইন্টার মায়ামি।

এদিকে ন্যাশভিলের জন্য এটি টানা তৃতীয়বারের মতো প্লে-অফের প্রথম রাউন্ড থেকে বিদায়। ২০২৪ মৌসুমে বাদ পড়লেও এবার ফিরে এসেছিল তারা, তবে টিকতে পারেনি মেসির মায়ামির সামনে।

এমবি/এসআর