জাহানারার অভিযোগের প্রেক্ষিতে বিসিবির চার কর্মকর্তা ওএসডি
মেঘনাবার্তা প্রতিনিধি: বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের করা যৌন হয়রানির অভিযোগের পর চারজন বিসিবি কর্মকর্তাকে বিশেষ দায়িত্ব থেকে ‘ওএসডি’ করা হয়েছে।
ওএসডি করা কর্মকর্তাদের মধ্যে রয়েছেন ম্যানেজার এস এম গোলাম ফায়েজ, ফিজিও সুরাইয়া আক্তার, কোচ মাহমুদ ইমন এবং কর্মকর্তা সারফরাজ বাবু।
বিসিবির সিইও নিয়াজ উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বোর্ড সেই সকল ব্যক্তিদের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে, যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে। বোর্ড বিষয়টিকে যথেষ্ট গুরুত্বের সঙ্গে দেখছে।’
প্রধান অভিযুক্ত মঞ্জুরুল ইসলাম, প্রাক্তন ম্যানেজার ও নির্বাচক, বর্তমানে চীনে অবস্থান করছেন। তিনি শুক্রবার রাতে ফেসবুকে জানিয়েছেন, বিসিবির তদন্ত কমিটি গঠনকে স্বাগত জানাচ্ছেন এবং যে কোনো তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত।
বিসিবি শনিবার একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটির আহ্বায়ক হিসেবে নিযুক্ত হয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে অবসরপ্রাপ্ত বিচারপতি তারিক উল হাকিম। সদস্য হিসেবে রয়েছেন নতুন নিযুক্ত বিসিবি পরিচালক রুবাবা দৌলা ও সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার সরওয়াত সিরাজ শুক্লা।
এমবি/এসআর

