লেভানডভস্কির হ্যাটট্রিকে বার্সার দারুণ জয়, রিয়াল খোয়ালো পয়েন্ট

Nov 10, 2025 - 10:30
 0  3
লেভানডভস্কির হ্যাটট্রিকে বার্সার দারুণ জয়, রিয়াল খোয়ালো পয়েন্ট

মেঘনাবার্তা প্রতিনিধি:
রবার্ট লেভানডভস্কির দুর্দান্ত হ্যাটট্রিকে সেল্টা ভিগোকে ৪-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। এই জয়ে লা লিগার পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থান আরও শক্ত করেছে দলটি। অন্যদিকে, শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ রায়ো ভায়োকানোর মাঠে গোলশূন্য ড্র করে পয়েন্ট হারিয়েছে।

রোববার রাতে বালাইদোস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় বার্সেলোনা। ম্যাচের ১০ মিনিটেই পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন লেভানডভস্কি। তবে পরের মিনিটেই সেল্টার সার্জিও কারেইরা দ্রুত পাল্টা আক্রমণে সমতা ফেরান।

৩৭তম মিনিটে মার্কাস রাশফোর্ডের দারুণ থ্রু-পাসে আবারও গোল করেন লেভানডভস্কি, বার্সাকে এগিয়ে দেন ২-১ ব্যবধানে। কিন্তু প্রথমার্ধ শেষ হওয়ার আগেই বোর্জা ইগলেসিয়াসের গোল সেল্টাকে আবারও সমতায় ফিরিয়ে আনে।

ইনজুরি টাইমে জ্বলে ওঠেন তরুণ প্রতিভা লামিনে ইয়ামাল। বক্সের বাইরে থেকে তার দারুণ শটে বল জালে জড়ালে ৩-২ ব্যবধানে আবারও এগিয়ে যায় বার্সা। দ্বিতীয়ার্ধে ৭৩তম মিনিটে রাশফোর্ডের পাস থেকে নিজের হ্যাটট্রিক পূর্ণ করে লেভানডভস্কি নিশ্চিত করেন ৪-২ ব্যবধানের জয়।

অন্যদিকে, রিয়াল মাদ্রিদ গোলশূন্য ড্রয়ে পয়েন্ট হারিয়ে হতাশায় মাঠ ছাড়ে। এমবাপ্পে, ভিনিসিয়ুস ও বেলিংহামরা বেশ কিছু আক্রমণ করলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পাননি। ম্যাচ শেষে রিয়াল কোচ জানান, প্রতিপক্ষের রক্ষণ এতটাই সংগঠিত ছিল যে গোল পাওয়া কঠিন হয়ে যায় তাদের জন্য।

এমবি/এসআর