ক্যাম্প ন্যুতে রাজকীয় প্রত্যাবর্তনে ৪ গোলের উৎসব বার্সেলোনার

Nov 23, 2025 - 14:57
 0  2
ক্যাম্প ন্যুতে রাজকীয় প্রত্যাবর্তনে ৪ গোলের উৎসব বার্সেলোনার

মেঘনাবার্তা প্রতিনিধি:

দীর্ঘ আড়াই বছর পর নিজেদের ঐতিহাসিক ঘর ক্যাম্প ন্যুতে প্রত্যাবর্তন করল বার্সেলোনা। আর এই প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতেই গোলের বন্যায় ভাসালেন ইয়ামাল-লেভানডফস্কিরা। অ্যাথলেটিক বিলবাওকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে রাজকীয়ভাবে ঘরে ফেরার উদযাপন সম্পন্ন করেছে কাতালান ক্লাবটি।

নবনির্মিত ক্যাম্প ন্যুর গ্যালারি এখনও পুরোপুরি প্রস্তুত না হলেও প্রায় ৪৫ হাজার দর্শকের উপস্থিতিতে জমজমাট হয়ে ওঠে ম্যাচটি। সম্পূর্ণ উদ্বোধনের পর এই স্টেডিয়ামে এক লাখ পাঁচ হাজারের বেশি দর্শক বসার সুযোগ থাকবে।

আতশবাজির ঝলমলে আলোর মধ্য দিয়ে শুরু হওয়া ম্যাচের চতুর্থ মিনিটেই বার্সাকে এগিয়ে দেন রবার্ট লেভানডফস্কি। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফেরান তোরেস।

বিরতির পর মাঠে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বার্সেলোনা। দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটেই তৃতীয় গোলটি করেন ফেরমিন লোপেজ। ম্যাচের শেষ মুহূর্তে ফেরান তোরেস নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোলটি করে জয় নিশ্চিত করেন।

৫৪ মিনিটে বিলবাওয়ের মিডফিল্ডার সানচেত ফেরমিন লোপেজকে ফাউল করায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। এরপর ১০ জনের দল নিয়ে আর ঘুরে দাঁড়াতে পারেনি বিলবাও।

এই জয়ের মাধ্যমে অন্তত এক দিনের জন্য হলেও লা লিগার শীর্ষে উঠে গেল বার্সেলোনা। ১৩ ম্যাচে ১০ জয়ে তাদের সংগ্রহ ৩১ পয়েন্ট। সমান পয়েন্ট নিয়ে এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ রয়েছে দ্বিতীয় স্থানে। পরের ম্যাচে জয় পেলে আবারও শীর্ষে ফেরার সুযোগ পাবে তারা।

এমবি/এসআর