বিপিএলে ফিক্সিং: তদন্তে প্রমাণ মিলেছে, বড় শাস্তির মুখে দেশের ৮ ক্রিকেটার

বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগে অবশেষে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের সর্বশেষ আসরে ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ ওঠার পর বিসিবি দীর্ঘ তদন্তের মাধ্যমে বিষয়টি যাচাই করে।

Nov 29, 2025 - 12:34
 0  2
বিপিএলে ফিক্সিং: তদন্তে প্রমাণ মিলেছে, বড় শাস্তির মুখে দেশের ৮ ক্রিকেটার
ছবি সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগে অবশেষে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের সর্বশেষ আসরে ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ ওঠার পর বিসিবি দীর্ঘ তদন্তের মাধ্যমে বিষয়টি যাচাই করে। সেই তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় শাস্তির মুখে পড়তে যাচ্ছেন দেশের আট ক্রিকেটারসহ অন্তত ১০–১২ জন।

ফিক্সিং ইস্যুতে বিসিবির তদন্ত চলেছে দীর্ঘ সময় ধরে। তদন্ত কমিটি প্রায় ৯০০ পাতার বিস্তারিত প্রতিবেদন জমা দেয় বিসিবিতে। এ তদন্তে সরাসরি যুক্ত ছিলেন বিসিবির দুর্নীতি দমন ইউনিটের পরামর্শক এবং আন্তর্জাতিক অ্যান্টিকরাপশন বিশেষজ্ঞ অ্যালেক্স মার্শাল। তার সুপারিশ অনুসারেই শাস্তির সিদ্ধান্ত চূড়ান্ত করা হচ্ছে বলে জানা গেছে।

এছাড়া আসন্ন বিপিএলের নিলামেও অভিযুক্ত ক্রিকেটারদের নাম রাখা হবে না। এর মাধ্যমেই বিসিবি বুঝিয়ে দেবে কারা ফিক্সিংয়ের সঙ্গে জড়িত ছিলেন। বিসিবি সভাপতি আগেই ফিক্সিংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা ঘোষণা করলেও অভিযুক্তদের নাম গণমাধ্যমে প্রকাশ না করার বিষয়ে স্পষ্ট করে রেখেছেন।

এ ঘটনায় শাস্তির আওতায় আসছেন শুধু ক্রিকেটারই নন; টিম ম্যানেজমেন্টের সদস্য এবং একজন সাংবাদিকও রয়েছেন অভিযুক্তদের তালিকায় বলে জানা গেছে।

ফিক্সিংয়ের বিরুদ্ধে বিসিবির এই অবস্থান বাংলাদেশ ক্রিকেটে স্বচ্ছতা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের পথেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন অনেকে।

এমবি এইচআর