যারা আইপিএলকে সম্মান দেখাতে চান না, তাদের নিলামে রাখা উচিত নয় : গাভাস্কার
ভারতের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাস্কার আইপিএলে পূর্ণ মৌসুম খেলতে অনীহা দেখানো ক্রিকেটারদের কঠোর সমালোচনা করেছেন।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
ভারতের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাস্কার আইপিএলে পূর্ণ মৌসুম খেলতে অনীহা দেখানো ক্রিকেটারদের কঠোর সমালোচনা করেছেন। তার মতে, যারা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি লিগকে যথাযথ সম্মান দেখাতে চান না, তাদের একেবারেই নিলামে তোলা উচিত নয়।
নিজের সাম্প্রতিক পত্রিকা কলামে গাভাস্কার লেখেন, কিছু ক্রিকেটার কেবল সীমিত সময় আইপিএলে খেলতে চান বলে জানিয়েছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, ‘যে ক্রিকেটার আইপিএলকে সম্মান করতে পারে না এবং পুরো টুর্নামেন্টে খেলতে রাজি নয়, তার জায়গা নিলামে নেই।’ জাতীয় দায়িত্ব ছাড়া অন্য কোনো প্রতিশ্রুতি যদি অগ্রাধিকার পায়, তবে সেই খেলোয়াড়ের পেছনে নিলামে এক সেকেন্ডও ব্যয় করার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।
সম্প্রতি অস্ট্রেলিয়ার উইকেটকিপার ব্যাটার জশ ইংলিস জানান, বিয়ের কারণে আইপিএল ২০২৬–এ তার উপস্থিতি সীমিত থাকবে। এই উপলব্ধতা–সংকটের কারণেই আইপিএল ২০২৫ মৌসুমের আগে পাঞ্জাব কিংস তাকে ছেড়ে দিয়েছে বলে জানান কোচ রিকি পন্টিং। তবু ইংলিস এবার ২ কোটি রুপির সর্বোচ্চ বেস প্রাইসে নিলামে নাম তুলেছেন—যা নতুন করে আংশিক সময় খেলোয়াড়দের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছে।
গাভাস্কার আরও লেখেন, ভারতের বহু তারকা ক্রিকেটার প্রথম আইপিএল চুক্তিতে বেস প্রাইসে সুযোগ পেয়েছিলেন এবং কঠোর পরিশ্রমে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। অথচ এখন আনক্যাপড তরুণ ক্রিকেটাররা কোটি টাকার চুক্তি পেলেও অধিকাংশই ম্যাচ খেলার সুযোগ পান না এবং এক–দুই মৌসুমের মধ্যেই হারিয়ে যান। রঞ্জি ট্রফিতে বহুদিনের পরিশ্রমে যা আয় হয়, তার তুলনায় মাত্র কয়েক দিনের জন্য দলের সঙ্গে থাকা কিছু তরুণ অস্বাভাবিক বেশি পারিশ্রমিক পাচ্ছেন—যা ক্রিকেটের দীর্ঘমেয়াদি উন্নতির জন্য ভালো বার্তা নয় বলে মনে করেন তিনি।
এমবি এইচআর

