আইপিএলে নতুন ইতিহাস, ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতায় মুস্তাফিজ

আইপিএলের ইতিহাসে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে নতুন রেকর্ড গড়লেন মুস্তাফিজুর রহমান। নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে বাঁহাতি এই পেসারকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স।

Dec 17, 2025 - 11:40
 0  2
আইপিএলে নতুন ইতিহাস, ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতায় মুস্তাফিজ
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

আইপিএলের ইতিহাসে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে নতুন রেকর্ড গড়লেন মুস্তাফিজুর রহমান। নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে বাঁহাতি এই পেসারকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। এর মাধ্যমে আইপিএলে খেলা বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে দামি ক্রিকেটার এখন মুস্তাফিজ।

সর্বশেষ আইপিএলে অস্ট্রেলিয়ান ব্যাটার জ্যাক ফ্রেজার–ম্যাগার্ক ব্যক্তিগত কারণে না খেলায় তাঁর পরিবর্তে দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠে নেমেছিলেন মুস্তাফিজ। সে সময় ৬ কোটি রুপিতে দিল্লির হয়ে খেলেন তিনি। এবার নিলামেই তাঁকে কিনে নিল শাহরুখ খানের মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্স, যা তাঁর ক্যারিয়ারের সর্বোচ্চ মূল্য।

এর আগে নিলাম থেকে কেনা বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে দামি ছিলেন মাশরাফি বিন মর্তুজা। সাবেক এই অধিনায়ককে একবার ৬ লাখ ডলারে (তৎকালীন বিনিময় হারে প্রায় ৪ কোটি ২০ লাখ টাকা) দলে নিয়েছিল কলকাতা। এবার সেই রেকর্ড ছাড়িয়ে গেলেন মুস্তাফিজ, যার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি।

দল একই থাকলেও কলকাতার হয়ে এটি মুস্তাফিজের প্রথম অধ্যায়। এর আগে এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন সাকিব আল হাসান ও লিটন দাস। আইপিএলে এটি মুস্তাফিজের ষষ্ঠ দল—এর আগে তিনি সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন।

২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলে অভিষেক হয় মুস্তাফিজের। এখন পর্যন্ত ৬০ ম্যাচে তাঁর উইকেট সংখ্যা ৬৫। অভিষেক মৌসুমেই ১৭ উইকেট নিয়ে তিনি উদীয়মান সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছিলেন।

এমবি এইচআর