বিসিসিআইয়ের নির্দেশে মোস্তাফিজকে ছেড়ে দিলো কলকাতা
বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে দল থেকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। দেশটির ক্রিকেট বোর্ডের এই নির্দেশনার পর আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) আনুষ্ঠানিকভাবে মোস্তাফিজকে ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছে।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ

শনিবার (৩ জানুয়ারি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে কলকাতা নাইট রাইডার্স। বিবৃতিতে জানানো হয়, আইপিএলের পরবর্তী পর্বের আগে বিসিসিআইয়ের নির্দেশ অনুযায়ী যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে আইপিএলের নিয়ম অনুযায়ী কলকাতাকে একজন বদলি খেলোয়াড় দলে নেওয়ার অনুমতিও দিয়েছে বিসিসিআই।
আইপিএলের সর্বশেষ নিলামে শাহরুখ খানের মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্স ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে ভেড়ায়। তবে বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর নিপীড়নের অভিযোগ তুলে আইপিএল থেকে মোস্তাফিজকে নিষিদ্ধের দাবিতে ভারতের কয়েকটি কট্টর হিন্দুত্ববাদী সংগঠন আন্দোলন শুরু করে। এর প্রেক্ষিতেই বিসিসিআই কলকাতাকে বাংলাদেশি এই পেসারকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয় বলে জানা গেছে।
এ বিষয়ে ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া জানান, দেশজুড়ে সৃষ্ট অস্থির পরিস্থিতির কারণে কেকেআরকে একজন ক্রিকেটার স্কোয়াড থেকে বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার পর বিকল্প হিসেবে যেকোনো খেলোয়াড় দলে নেওয়ার সুযোগ পাবে কলকাতা, এবং সে জন্য বোর্ডের পক্ষ থেকে প্রয়োজনীয় অনুমোদন দেওয়া হয়েছে।
এমবি এইচআর