কালো ধোঁয়ায় ঢেকে গেল শাহজালাল বিমানবন্দরের আকাশ

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন লেগে পুরো আকাশ কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে বিমানবন্দরের ৮ নম্বর গেট সংলগ্ন কার্গো ভিলেজে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

Oct 18, 2025 - 16:32
 0  3
কালো ধোঁয়ায় ঢেকে গেল শাহজালাল বিমানবন্দরের আকাশ
ছবি, সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন লেগে পুরো আকাশ কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে বিমানবন্দরের ৮ নম্বর গেট সংলগ্ন কার্গো ভিলেজে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনের পর মুহূর্তেই ঘন ধোঁয়া উড়তে থাকে, যা সময়ের সঙ্গে আরও ছড়িয়ে পড়ে। প্রায় ৫ থেকে ৬ কিলোমিটার দূর থেকেও ধোঁয়া দেখা যাচ্ছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, দুপুর ২টা ৩৪ মিনিটে খবর পেয়ে প্রথমে ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে আরও ইউনিট যোগ হয়ে বর্তমানে মোট ২৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

অগ্নিনির্বাপণ কার্যক্রমে বাংলাদেশ বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট ও নৌবাহিনীর সদস্যরাও যোগ দিয়েছেন বলে জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

এদিকে, আগুনের ঘটনায় বিমান ওঠানামা সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ চেষ্টা চলছে।

এমবি এইচআর