টেকনাফে পাচারকারীদের ডেরায় অভিযান, উদ্ধার ৬
কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড়ে অভিযান চালিয়ে মানবপাচারকারীদের ডেরা থেকে ৬ জন বন্দিকে উদ্ধার করেছে বিজিবি।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড়ে অভিযান চালিয়ে মানবপাচারকারীদের ডেরা থেকে ৬ জন বন্দিকে উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার (২১ অক্টোবর) ভোররাতে বাহারছড়া ইউনিয়নের করাচিপাড়া পাহাড়ে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ পাচারকারী চক্রের সদস্য মো. রুবেল (২১)-কে আটক করা হয়েছে। তিনি বাহারছড়া করাচিপাড়ার মোহাম্মদ হোছনের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, পাচারচক্র মালয়েশিয়া ও থাইল্যান্ডে পাঠানোর প্রলোভন দেখিয়ে কিছু লোককে পাহাড়ে জিম্মি করে রেখেছিল। এ তথ্যের ভিত্তিতে বিজিবি প্রায় ৬ ঘণ্টা অভিযান চালিয়ে ৬ ভুক্তভোগীকে উদ্ধার করে এবং এক পাচারকারীকে গ্রেপ্তার করে।
অভিযান শেষে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশিকুর রহমান জানান, ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক, তিনটি ওয়ান শুটার গান ও পাঁচ রাউন্ড গুলিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, উদ্ধার ভুক্তভোগীদের আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আটক ব্যক্তিকে উদ্ধার অস্ত্রসহ মামলা করে থানায় হস্তান্তর করা হয়েছে।
এমবি/টিআই

