আজ ঢাকার বাতাস কতটা বিষাক্ত?

নগরজীবনে বায়ুদূষণ এখন ভয়াবহ আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।

Nov 3, 2025 - 10:19
 0  2
আজ ঢাকার বাতাস কতটা বিষাক্ত?

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
নগরজীবনে বায়ুদূষণ এখন ভয়াবহ আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। বায়ুদূষণের প্রভাবে নানা রোগে আক্রান্ত হচ্ছেন নগরবাসী। দীর্ঘদিন ধরেই রাজধানী ঢাকা বায়ুদূষণের কবলে রয়েছে।

সোমবার (৩ নভেম্বর) সকাল সোয়া ৮টার দিকে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার প্রকাশিত তথ্যে দেখা গেছে, ৮২ একিউআই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ১৯তম স্থানে আছে ঢাকা। এই স্কোর অনুযায়ী ঢাকার বায়ুমানকে ‘মাঝারি’ হিসেবে গণ্য করা হয়।

একই সময়ে ৪২৯ স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর শহর। দ্বিতীয় স্থানে ভারতের দিল্লি (২৪৬), তৃতীয় স্থানে উজবেকিস্তানের তাশখন্দ (১৭৫), চতুর্থ স্থানে সংযুক্ত আরব আমিরাতের দুবাই (১৫৯) এবং পঞ্চম স্থানে পাকিস্তানের করাচি (১৪২) অবস্থান করছে।

একিউআই মানদণ্ড অনুযায়ী, স্কোর ০ থেকে ৫০ ভালো, ৫১ থেকে ১০০ মাঝারি, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

এমবি/টিআই