বিটিআরসি ঘেরাও করে মোবাইল ব্যবসায়ীদের আন্দোলন

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) সংস্কারসহ কয়েক দফা দাবিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ঘেরাও করে আন্দোলনে নেমেছেন মোবাইল ব্যবসায়ীরা।

Dec 7, 2025 - 14:21
 0  2
বিটিআরসি ঘেরাও করে মোবাইল ব্যবসায়ীদের আন্দোলন
ছবি সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) সংস্কারসহ কয়েক দফা দাবিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ঘেরাও করে আন্দোলনে নেমেছেন মোবাইল ব্যবসায়ীরা। রবিবার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে আগারগাঁওয়ের বিটিআরসি কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন তাঁরা। এর অংশ হিসেবে সারাদেশে দোকান বন্ধ রেখে অনির্দিষ্টকালের কর্মসূচি পালন করছেন বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটি (এমবিসিবি)।

ব্যবসায়ীদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—

  • মোবাইল ফোন আমদানিতে অস্বাভাবিক শুল্ক প্রত্যাহার

  • বাজারে সিন্ডিকেট প্রথা বিলোপ

  • এনইআইআর পুনর্বিবেচনা

  • যৌক্তিক ট্যাক্স কাঠামো নির্ধারণ

  • ক্ষুদ্র ব্যবসায়ীদের সীমিত পরিসরে মোবাইল ফোন আমদানির সুযোগ দেওয়া

আন্দোলনকারীরা জানান, সরকার অবৈধ মোবাইল ফোন নিয়ন্ত্রণের নামে একটি প্রভাবশালী গোষ্ঠীকে সুবিধা দিতেই এনইআইআর চালুর চেষ্টা করছে। দেশে কয়েক লাখ মানুষ সরাসরি ও পরোক্ষভাবে মোবাইল ব্যবসার সঙ্গে জড়িত থাকলেও তাঁদের কথা বিবেচনা করা হচ্ছে না।

ব্যবসায়ীরা দাবি করেন, দেশের ৬০ শতাংশ মোবাইল ফোন তাঁরা সরবরাহ করেন। কিন্তু এনইআইআর চালু হলে মাত্র ৮–১০টি প্রতিষ্ঠান পুরো বাজার নিয়ন্ত্রণ করবে। এতে যেমন ফোনের দাম বাড়বে, তেমনি ব্যবসা হারাবেন হাজারো ক্ষুদ্র ব্যবসায়ী ও কর্মচারী।

এমবিসিবির সভাপতি মো. আসলাম বলেন, সরকারের বর্তমান ট্যাক্স কাঠামো ক্ষুদ্র ব্যবসায়ীদের টিকে থাকা অসম্ভব করে তুলছে। তিনি বলেন, বিদেশি কোম্পানিগুলো খুব কম ট্যাক্স দিয়ে দেশে অ্যাসেম্বলিংয়ের মাধ্যমে ফোন তৈরি করছে, ফলে ব্র্যান্ডেড ফোন বৈধভাবে আমদানি করা ক্ষুদ্র ব্যবসায়ীদের ৫৭ শতাংশ পর্যন্ত কর দিতে হচ্ছে। এ কারণে দুই লাখ টাকার ফোনের দাম দাঁড়াচ্ছে প্রায় তিন লাখ ১৪ হাজার টাকা।

তিনি আরও বলেন, বিটিআরসি জানিয়েছে— সরকারের নির্দেশে ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর চালু করা হবে। কিন্তু বাজেট পাস হওয়ার আগেই এমন সিদ্ধান্ত ব্যবসায়ীদের জন্য বিপর্যয় ডেকে আনবে। তাই ট্যাক্স নীতিকে সহনশীল এবং মোবাইল আমদানিকে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য উন্মুক্ত করার আহ্বান জানান তিনি।

ব্যবসায়ীদের আশঙ্কা, এনইআইআর কার্যকর হলে মাত্র কয়েকটি বড় কোম্পানি বাজার নিয়ন্ত্রণ করবে। ক্ষুদ্র ব্যবসায়ীদের বড় অংশ ব্যবসা হারাবে এবং লাখ লাখ পরিবারের আয় বন্ধ হওয়ার শঙ্কা তৈরি হবে।

এমবি এইচআর