দুই ঘণ্টা পর ফার্মগেটের সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা, যান চলাচল স্বাভাবিক
তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানার মৃত্যুর ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীদের অবরোধে বন্ধ থাকা ফার্মগেটের সড়ক প্রায় দুই ঘণ্টা পর পুনরায় চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানার মৃত্যুর ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীদের অবরোধে বন্ধ থাকা ফার্মগেটের সড়ক প্রায় দুই ঘণ্টা পর পুনরায় চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে শিক্ষার্থীরা সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হতে থাকে।
সকাল ১০টা ২০ মিনিটের দিকে ফার্মগেট মোড় অবরোধ করে তেজগাঁও কলেজের সাধারণ শিক্ষার্থী ব্যানারে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এর ফলে ফার্মগেট, কারওয়ান বাজার ও আশপাশের এলাকায় তীব্র যানজট দেখা দেয়। যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
ঘটনার সূত্রপাত হয় ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে দুই পক্ষের সংঘর্ষে আহত শিক্ষার্থী সাকিবুল হাসান রানার মৃত্যুকে কেন্দ্র করে। বৃহস্পতিবার সকালে শিক্ষার্থীরা কলেজ থেকে বিক্ষোভ মিছিলে বের হয়ে ফার্মগেট মোড়ে অবস্থান নেন। এ সময় তাঁরা নানা স্লোগান দেন এবং টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান। ব্যানারে লেখা ছিল—ছাত্রাবাসে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ, বিক্ষোভ, মিছিল ও মানববন্ধন এবং সাকিব হত্যার বিচার দাবি।
বিক্ষোভে অংশ নেওয়া রায়হান ইসলাম নামের এক শিক্ষার্থী জানান, তাঁদের সহপাঠীকে হত্যা করা হয়েছে, দায়ীদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তিনি হামলাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার ফজলুল রহমান বলেন, সাকিবুল হত্যায় মামলা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। এরপর ধীরে ধীরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এমবি এইচআর

