গুলশানে ভারতীয় দূতাবাসে ঘৃণা জানাতে পল্টন থেকে পদযাত্রা করেন রাশেদ প্রধান
ভারতীয় আধিপত্যবাদ এবং বাংলাদেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপের প্রতিবাদে একা পায়ে হেঁটে গুলশানে অবস্থিত ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা শুরু করেছেন জাগপা সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
ভারতীয় আধিপত্যবাদ এবং বাংলাদেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপের প্রতিবাদে একা পায়ে হেঁটে গুলশানে অবস্থিত ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা শুরু করেছেন জাগপা সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।
আজ সকাল ১০টায় রাজধানীর পল্টন বক্স কালভার্ট রোড থেকে তিনি এই যাত্রা শুরু করেন। উল্লেখ্য, ওই স্থানেই এর আগে শরীফ ওসমান হাদিকে গুলি করা হয়েছিল।
পদযাত্রার শুরুতে রাশেদ প্রধান বলেন, “হিন্দুস্তান গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনা ও হাদীর খুনিদের আশ্রয় দিয়েছে। বছরের পর বছর সীমান্তে হত্যা, অবৈধ পুশ-ইন, ভূমি দখল, পানির ন্যায্য হিস্যা না দেওয়া এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা দিল্লির জন্য ছেলেখেলায় পরিণত হয়েছে। দেশের মানুষের পক্ষ থেকে ভারতীয় দূতাবাসের মাধ্যমে ভারত সরকারের আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে আমি তীব্র ঘৃণা জানাতে চাই।”
তিনি আরও বলেন, “অতীতে একাধিকবার মিছিল সহকারে ভারতীয় দূতাবাসে যাওয়ার এবং স্মারকলিপি বা পত্র দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু প্রশাসন আতঙ্কিত হয়ে মাঝপথে আমাদের আটকে দিয়েছে। তাই এবার প্রায় আট কিলোমিটার পথ একা পায়ে হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, যেন প্রশাসন বুঝতে পারে—একজন নিরস্ত্র ব্যক্তি কোনো দূতাবাসের জন্য হুমকি নন।”
রাশেদ প্রধান জানান, ভারতীয় দূতাবাসের উদ্দেশ্যে তিনি সঙ্গে একটি কালো গোলাপ বহন করছেন, যা রাজনৈতিক ভাষায় কর্তৃত্ব ও আধিপত্যের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক।
এমবি এইচআর

