প্রথম আলো–ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার বেড়ে ২৬

দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় আরও ৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ। এ নিয়ে এ ঘটনায় মোট গ্রেপ্তার সংখ্যা দাঁড়াল ২৬ জনে।

Dec 23, 2025 - 12:31
 0  4
প্রথম আলো–ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার বেড়ে ২৬
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় আরও ৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ। এ নিয়ে এ ঘটনায় মোট গ্রেপ্তার সংখ্যা দাঁড়াল ২৬ জনে।

এর আগে সোমবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানায়, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, সিসিটিভি ও বিভিন্ন ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে প্রাথমিকভাবে ৩১ জনকে শনাক্ত করা হয়েছে। তবে হামলার মূল পরিকল্পনাকারীরা এখনও গ্রেপ্তার হয়নি।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম সোমবার সংবাদ সম্মেলনে জানান, ১৮ ডিসেম্বর রাতে কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয় এবং ফার্মগেটে ডেইলি স্টার কার্যালয়ে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করে। ঘটনার পর প্রথম আলোর পক্ষ থেকে তেজগাঁও থানায় মামলা করা হয়েছে। ডেইলি স্টার কার্যালয়ের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ শেষে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ জানায়, হামলার ঘটনায় থানা পুলিশ, ডিবি, সিটিটিসি ও অন্যান্য গোয়েন্দা সংস্থা যৌথভাবে তদন্ত চালাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া হামলাকারীদের ছবি ও ভিডিও বিশ্লেষণ করে আরও অভিযুক্তদের শনাক্ত করা হচ্ছে। সামাজিক মাধ্যমে উস্কানি ও সহিংসতা ছড়ানোর অভিযোগেও সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার কথা জানিয়েছে পুলিশ।

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় দায়ের করা মামলায় অজ্ঞাত পরিচয়ের ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইন, বিশেষ ক্ষমতা আইন ও সাইবার সুরক্ষা অধ্যাদেশে দায়ের করা মামলায় উল্লেখ করা হয়, পত্রিকার প্রকাশনা বন্ধ ও অফিস কার্যক্রমে বাধা দিতে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ, ভাঙচুর ও অনলাইন অপরাধমূলক কর্মকাণ্ডে নির্দেশনা দেওয়া হয়।

মামলার এজাহারে বলা হয়েছে, হামলা ও লুটপাটে সম্পদের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩২ কোটি টাকা। এর মধ্যে লুট হওয়া সম্পদের মূল্য প্রায় দুই কোটি ৫০ লাখ টাকা।

পুলিশ জানিয়েছে, শনাক্ত হওয়া বাকি সন্দেহভাজনদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এমবি এইচআর