দুই দিনের রিমান্ডে ক্যাসিনোকাণ্ডে সেলিম প্রধান
গুলশান থানার মামলায় দেশবিরোধী প্রচারণায় অর্থযোগান, পরামর্শ ও নির্দেশ দেওয়ার অভিযোগে আলোচিত ক্যাসিনো ব্যবসায়ী সেলিম প্রধানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
গুলশান থানার মামলায় দেশবিরোধী প্রচারণায় অর্থযোগান, পরামর্শ ও নির্দেশ দেওয়ার অভিযোগে আলোচিত ক্যাসিনো ব্যবসায়ী সেলিম প্রধানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।
অধিকতর তদন্তের স্বার্থে তাকে আদালতে হাজির করা হয়। তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের পরিদর্শক মো. মোজাম্মেল হক মামুন তার সাত দিনের রিমান্ড আবেদন করেন। তদন্তে জানা গেছে, আসামি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় সদস্য এবং ঢাকা শহরের বিভিন্ন জায়গায় সরকার ও রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত সদস্যদের অর্থ যোগান দেন।
অন্যদিকে, আসামিপক্ষে আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ২২ অক্টোবর তাকে গ্রেপ্তার দেখানো হয়। অভিযোগ সূত্রে জানা যায়, গত ২২ এপ্রিল গুলশান-১ এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের ব্যানারে দেশের বিরুদ্ধে স্লোগান দেয়ার ঘটনায় পুলিশ একটি মামলা দায়ের করে। ওই ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করা হলেও বাকিরা পালিয়ে যায়।
উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর গুলশানের বারিধারার নেক্সাস ক্যাফে প্লেস থেকে সেলিম প্রধানসহ ৯ জনকে আটক করে পুলিশ। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়, যা থেকে তিনি জামিন পান।
এমবি এইচআর

