আসামিদের ফাঁসির রায়ে আমি কষ্ট পেয়েছি : হাসিনার আইনজীবী
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডের রায়ে গভীর কষ্ট প্রকাশ করেছেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডের রায়ে গভীর কষ্ট প্রকাশ করেছেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। সোমবার রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি জানান, রায়টি তার পক্ষে যায়নি বলে তিনি মর্মাহত।
আইনজীবী আমির হোসেন বলেন, রায় তিনি মেনে নিচ্ছেন, তবে এটি তার প্রত্যাশার বিপরীতে গেছে। তার ভাষায়—তিনি এই রায়ে ক্ষুব্ধ এবং মনে কষ্ট লালন করছেন। তিনি আরও জানান, আসামিদের মৃত্যুদণ্ড তাকে ব্যক্তিগতভাবে ব্যথিত করেছে।
শেখ হাসিনার সঙ্গে কোনো যোগাযোগের চেষ্টা করেছেন কি না—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, যোগাযোগ করার বিধান নেই, তাই তিনি চেষ্টা করেননি। একইভাবে, আসামিদের পক্ষ থেকেও কোনো ধরনের সহায়তা বা যোগাযোগ করা হয়নি বলেও জানান তিনি।
এ মামলার রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন সম্পর্কে মন্তব্য করতে অনীহা প্রকাশ করে তিনি বলেন, মামুন তার মক্কেল নন, তাই তার বিষয়ে মন্তব্য করা সমীচীন হবে না।
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে আজ ট্রাইব্যুনাল শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণা করে। একই মামলায় মৃত্যুদণ্ড পান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আর রাজসাক্ষী মামুনকে দেওয়া হয়েছে পাঁচ বছরের কারাদণ্ড।
এমবি এইচআর

