স্ত্রীসহ মহীউদ্দীন খান আলমগীরের ৩৩ ব্যাংক হিসাব ফ্রিজ করল আদালত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও ফারমার্স ব্যাংকের সাবেক চেয়ারম্যান মহীউদ্দীন খান আলমগীর এবং তার স্ত্রী সিতারা আলমগীরের নামে থাকা মোট ৩৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করার নির্দেশ দিয়েছেন আদালত।

Nov 18, 2025 - 13:39
 0  3
স্ত্রীসহ মহীউদ্দীন খান আলমগীরের ৩৩ ব্যাংক হিসাব ফ্রিজ করল আদালত
ছবি-সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও ফারমার্স ব্যাংকের সাবেক চেয়ারম্যান মহীউদ্দীন খান আলমগীর এবং তার স্ত্রী সিতারা আলমগীরের নামে থাকা মোট ৩৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করার নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পর এ আদেশ দেন।

এদিন দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ আদালতে এই আবেদন দাখিল করেন। আবেদনে উল্লেখ করা হয়, আসামিরা তাদের ব্যাংক হিসাবে থাকা অর্থ অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন এবং এসব হিসাব ব্যবহার করে অবৈধভাবে অর্জিত অর্থ পাচারের ঝুঁকিও রয়েছে। তদন্ত সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে হিসাবগুলো অবরুদ্ধ করা প্রয়োজন।

এর আগে গত ১২ নভেম্বর মহীউদ্দীন খান আলমগীর ও তার স্ত্রী সিতারা আলমগীরসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুদক মামলা করে।

মামলার নথি অনুযায়ী, আসামিরা ঘুষ–দুর্নীতি থেকে প্রাপ্ত অর্থের উৎস, আয়, অবস্থান ও মালিকানা গোপন করতে সক্ষম হন এবং ২০০৯ সাল থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন ব্যাংক হিসাবে দেশি–বিদেশি মুদ্রা স্থানান্তর, রূপান্তর ও পুনঃস্থানান্তরের মাধ্যমে মানিলন্ডারিংয়ের কার্যক্রম পরিচালনা করেন।

পদ্মা ব্যাংক (সাবেক ফারমার্স ব্যাংক), যমুনা ব্যাংক, আইএফআইসি ব্যাংকসহ অন্যান্য ব্যাংকে তাদের এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে ৭৯টি হিসাবে মোট ২১৬ কোটি ১ লাখ ৬৩ হাজার টাকা ও ৬,১৮৮.৫৯ মার্কিন ডলার জমা পাওয়া যায়। উত্তোলন করা হয়েছে ২০৯ কোটি ১৭ লাখ ৬৩ হাজার টাকা এবং ৬,০০০.০২ মার্কিন ডলার।

দুদকের অভিযোগ অনুযায়ী, এসব কার্যক্রম মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২–এর ৪(২) ও ৪(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

এমবি এইচআর