পাঁচ ব্যাংক একীভূত করার সিদ্ধান্তকে হাইকোর্টে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
মেঘনাবার্তা প্রতিনিধি:
সংকটে পড়া পাঁচ বেসরকারি ব্যাংক একীভূত করার সরকারের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) শহিদুল ইসলাম নামে এক সাধারণ বিনিয়োগকারীর পক্ষে ব্যারিস্টার মাহসিব হোসাইন এ রিট দাখিল করেন। রিটে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থসচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।
গত ৯ অক্টোবর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ সংকটে থাকা পাঁচ ব্যাংক একীভূত করার প্রস্তাব অনুমোদন করে। একীভূত হতে যাওয়া ব্যাংকগুলো হলো—ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক। নতুন ব্যাংকের জন্য প্রস্তাবিত নাম ‘ইউনাইটেড ইসলামিক ব্যাংক’ বা ‘সম্মিলিত ইসলামিক ব্যাংক’।
সরকার জানিয়েছে, ব্যাংকগুলো একীভূত হলে কেউ চাকরি হারাবেন না এবং আমানতকারীর আমানত নিরাপদ থাকবে। নতুন ব্যাংকের অনুমোদিত মূলধন প্রাথমিকভাবে ৪০ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা হবে। এর মধ্যে সরকার ২০ হাজার কোটি টাকা সরবরাহ করবে—১০ হাজার কোটি নগদ এবং বাকি ১০ হাজার কোটি সুকুক বন্ডের মাধ্যমে।
সুকুক হলো শরিয়াহভিত্তিক ইসলামি বন্ড, যা সুদযুক্ত বন্ডের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়। এছাড়া প্রাতিষ্ঠানিক আমানতকারীদের শেয়ার দিয়ে ১৫ হাজার কোটি টাকা মূলধনে রূপান্তর করা হবে বেইল-ইন প্রক্রিয়ার মাধ্যমে। পরে রেজল্যুশন পরিকল্পনা অনুযায়ী এটি পরিশোধ করা হবে।
নতুন ব্যাংকটি প্রাথমিকভাবে রাষ্ট্রমালিকানাধীন হবে। সরকার পাঁচ বছরের মধ্যে ব্যাংকটি বেসরকারি খাতে হস্তান্তর করার পরিকল্পনা করছে। বাংলাদেশ ব্যাংক আশা করছে, সরকারি মালিকানার কারণে গ্রাহকদের আতঙ্ক কমে আসবে এবং ক্ষুদ্র আমানতকারীদের টাকা দ্রুত ফেরত দেওয়া সম্ভব হবে।
এমবি/এসআর

